কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট বেজে গিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবছরের পরীক্ষা। ইতিমধ্যেই ২৮ ফেব্রুয়ারি থেকে অ্যাডমিট কার্ড বিতরণের প্রক্রিয়াও সম্পন্ন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু এই ডামাডোলের মধ্যেও যে সব পরীক্ষার্থী এখনও নাম নথিবদ্ধ (Registration) করতে পারেননি, তাঁদের জন্য শেষ বারের মতো ‘লাইফলাইন’ দিল সংসদ।
৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে পোর্টাল
সংসদের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত নাম নথিভুক্ত করার জন্য এনরোলমেন্ট পোর্টাল খোলা থাকবে। তবে এই শেষ সুযোগের জন্য পরীক্ষার্থীদের দিতে হবে বড় অঙ্কের জরিমানা। নির্ধারিত এক্সাম ফি-র পাশাপাশি ২ হাজার টাকা লেট ফাইন বা জরিমানা দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এই তিন দিনের সময়সীমার পর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সংসদ।
কারা পাবেন এই সুযোগ?
সংসদ জানিয়েছে, নতুন সিলেবাসের তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীরা এই সুযোগ পাবেন। পাশাপাশি, পুরনো সিলেবাসের সিসি (CC), রেগুলার এবং স্পেশাল ক্যান্ডিডেটরাও যদি আগে নাম নথিবদ্ধ করতে না পেরে থাকেন, তবে তাঁরাও এই তিন দিনের মধ্যে আবেদন করতে পারবেন।
– বিজ্ঞাপন –
অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য
উল্লেখ্য, নতুন সিলেবাসের পরীক্ষার্থীরা ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। তবে পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা সরাসরি নিজেদের স্কুল থেকে তা সংগ্রহ করছেন। যারা নতুন করে রেজিস্ট্রেশন করবেন, তাঁদের নথি যাচাইয়ের পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যারা কোনও কারণে পিছিয়ে পড়েছিলেন, তাঁদের জন্য এটিই নাম নথিভুক্ত করার শেষ সুযোগ।
