কলকাতা: বুধবারই সুপ্রিম কোর্টে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৃহস্পতিবারই বিরোধীদের বার্তা দিয়ে মমতা বললেন, ‘আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি’। বিধানসভা নির্বাচনের ঠিক আগে অধিবেশন কক্ষে শুভেন্দু অধিকারীদের উদ্দেশে মমতা বললেন, ‘আপনারা অনেক আসন হারাবেন।’

বৃহস্পতিবারের অধিবেশনে অনুপ্রবেশকারী ইস্যু নিয়েও সরব হন মমতা। তিনি বলেন, “বিরোধীরা শুধু অনুপ্রবেশকারী ইস্যু ধরেছে, নতুন ভোটাররা কি ভোট দেবেন না? আপনি পরিযায়ী বাঙালিদের হেনস্থা নিয়ে কী বলেছেন?” অসম সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কেন এসআইআর হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।

আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে নজর ছিল রাজনৈতিক মহলের। সেই বক্তব্য মমতা সরাসরি বলেন, “বিরোধীরা সুস্থ থাকুন। কিন্তু অনেক সিট হারাবেন এটা মনে রাখুন। আপনারা জিরো ছিলেন জিরো থাকবেন, বাংলা হিরো ছিল হিরো থাকবে। যত‌ই এজেন্সি লাগান বাংলার মানুষ আপনাদের ধিক্কার জানায়।‌ লজ্জা লজ্জা লজ্জা। ডবল ইঞ্জিন সরকারে দিকে তাকিয়ে দেখুন, দিল্লির দিকে তাকিয়ে দেখুন। আপনার দিকে আঙুল তুলে মানুষ বলবে জানেইনা কিস্যু। আপনারা দেখতে থাকুন, অনেক সিট হারাবেন। আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি।”

বিএসএফ-কে জমি দেওয়ার বিষয়ে এদিন বিধানসভায় প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুতেও এদিন জবাব দেন মমতা। তিনি জানান, জমি দেওয়া হয়েছে। ১৫ কিলোমিটার পর্যন্ত যত জমি চান, দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন মমতা। তবে তার থেকে বেশি দূর পর্যন্ত জমি দিতে নারাজ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যারা যারা জমি চেয়েছে দিয়েছি। আগে বরাদ্দ কাজ কমপ্লিট করুন। বাদ বাকি জমিও দিয়ে দেব। বিএসএফ তাদের এলাকা ৫০ কিমি বাড়িয়েছে। ১৫ কিলোমিটার পর্যন্ত যত জমি চান, দিয়ে দেব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *