কলকাতা: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল (ISL)-এর নতুন সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা করা হলো। আগামী মরসুমের আইএসএল দেখা যাবে ‘ফ্যানকোড’ (FanCode) ওয়েবসাইট এবং অ্যাপে। অন্যান্য সংস্থাকে পেছনে ফেলে ডিজিটাল এবং টিভি সম্প্রচারের স্বত্ব জিতে নিয়েছে তারা। তবে সম্প্রচার স্বত্ব থেকে আয়ের নিরিখে বড়সড় ধাক্কা খেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

বিড অনুযায়ী, ৮.৬২ কোটি টাকায় এ, বি এবং ডি প্যাকেজ জিতে নিয়েছে ফ্যানকোড। আগামী মরসুমে মোট ৯১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচের জন্য ফেডারেশনকে ৯.৫ লক্ষ টাকা দেবে সম্প্রচারকারী সংস্থা। উল্লেখ্য, গত ১০ বছরে প্রতি মরসুমে ২৭৫ কোটি টাকা করে পেয়েছিল ফেডারেশন, অর্থাৎ ম্যাচ পিছু আয় ছিল ১.৬৮ কোটি টাকা। এবার সেই আয় ১.৫৯ কোটি টাকা কমে মাত্র ৯.৫ লক্ষে দাঁড়িয়েছে। ফলে ক্লাবগুলির লভ্যাংশের পরিমাণও অনেকটা কমবে।

ফ্যানকোডের হাতে ডিজিটাল স্ট্রিমিং ও বিশ্বব্যাপী সম্প্রচারের স্বত্ব থাকলেও, তাদের নিজস্ব কোনো টিভি চ্যানেল নেই। ফলে টেলিভিশনে খেলা দেখানোর জন্য তারা সোনি নেটওয়ার্কের (Sony Network) সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে বলে খবর। অন্যদিকে, ৫.৭৫ কোটি টাকায় ‘ই’ প্যাকেজ বা প্রোডাকশনের দায়িত্ব পেয়েছে কেপিএস স্টুডিয়োস।

– বিজ্ঞাপন –

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত এই ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও কেরল ব্লাস্টার্স। ওই দিনই দ্বিতীয় ম্যাচে লড়বে এফসি গোয়া এবং ইন্টার কাশী। গত এক দশকের আধিপত্য শেষে স্টারের বদলে নতুন প্ল্যাটফর্মে আইএসএল কতটা জনপ্রিয়তা পায়, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *