Zee 24 Ghanta Attacked: মুর্শিদাবাদের বেলডাঙ্গায় গতকাল সাংবাদিক সোমা মাইতি, চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো ও অন্য সাংবাদিকদের উপর নারকীয় আক্রমণের প্রতিবাদের ঝড় উঠেছে গোটা রাজ্যে। শনিবার ভরদুপুরে বর্ধমানের কার্জনগেটের সামনে বাদ্যযন্ত্র বাজিয়ে, তাৎক্ষণিক রচনা করা গান গেয়ে প্রতিবাদে সামিল হলেন স্বপন দত্ত বাউল। তার গানে ছড়িয়ে পড়ল প্রতিবাদের ভাষা। স্বপন দত্ত জানাচ্ছেন, যেভাবে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে তাতে শিল্পী হিসেবে কেউ ঘরে বসে থাকতে পারে না। বিশেষত সোমা মাইতির মত একজন গুণী সাংবাদিক যেভাবে আক্রান্ত হয়েছেন, তার শাস্তির ব্যবস্থা না হলে খুব অন্যায় হবে। তাই তিনি পথে নেমেছেন। নামে বাউল হলেও স্বপন আসলে একজন লোকশিল্পী। একসময়ের চিত্রশিল্পী স্বপন শিল্পের নানা ফর্মে কাজ করেন। গানে সচেতনতার বাণী ছড়াতে গোটা বাংলা ঘুরে বেড়ান। পণপ্রথা,নারী নির্যাতন থেকে অন্যায় অবিচার দেখলেই পথে নেমে পড়েন। পেয়েছেন অনেক পুরস্কার। এদিনও তাই আবার বিবেকের ডাকে পথে প্রতিবাদী স্বপন।
