খবর অনলাইন ডেস্ক: বিশ্বকাপের উন্মাদনায় যখন ফুটবলপ্রেমীরা মগ্ন, ঠিক সেই সময়েই ভারতীয় ফুটবলের নতুন মরসুমের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের ঘোষণা হয়ে গেল। ডুরান্ড কাপের গ্রুপ পর্বেই মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ফলে টুর্নামেন্টের শুরু থেকেই সমর্থকদের জন্য অপেক্ষা করছে হাইভোল্টেজ কলকাতা ডার্বি।
এ বছরের ডুরান্ড কাপ শুরু হবে ২৫ জুলাই এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অগস্ট। দেশের প্রাচীনতম এই ফুটবল প্রতিযোগিতায় এবার যোগ দিচ্ছে মোট ২৪টি দল। ম্যাচগুলি আয়োজন করা হবে পাঁচটি শহরে—কলকাতা, রাঁচী, ইম্ফল, শিলং এবং গুয়াহাটি। ফাইনালের আসর বসবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।
– বিজ্ঞাপন –
ডুরান্ড কাপে এবারও যোগ দিচ্ছেইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল), আই লিগ এবং ভারতের বিভিন্ন সামরিক বাহিনীর একাধিক দল। পাশাপাশি প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলতে যোগ দেবে বিদেশি দলও। শ্রীলঙ্কার সেনাবাহিনীর ফুটবল দল ডিফেন্ডার্স এফসি এবারের আসরে খেলবে।
গ্রুপ বিন্যাস অনুযায়ী, ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে রাখা হয়েছে একই গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে আরও রয়েছে সিআইএসএফ প্রোটেক্টর্স এবং সাউথ এফসি ইউনাইটেড। তবে দুই প্রধানের বহুল প্রতীক্ষিত ডার্বি কবে অনুষ্ঠিত হবে, তা এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। আয়োজকরা গ্রুপ বিন্যাস প্রকাশ করলেও পূর্ণাঙ্গ সূচি এখনও ঘোষণা করেননি।
ফুটবল মহলের একাংশের মতে, সমর্থকদের আগ্রহের কথা মাথায় রেখেই ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে একই গ্রুপে রাখা হয়েছে, যাতে গ্রুপ পর্বেই একটি জমজমাট কলকাতা ডার্বি উপভোগ করা যায়।
উল্লেখ্য, গতবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। অন্যদিকে, ২০২৪ সালের কলকাতা ডার্বি আরজি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে বাতিল হয়ে গিয়েছিল। ফলে দীর্ঘ অপেক্ষার পর ফের ডুরান্ড কাপেই দুই প্রধানের লড়াই ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে উঠতে শুরু করেছে।
