Birbhum: বীরভূমের মহম্মদবাজার থানার শালডাঙা গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় বাসিন্দা জাসমিন বেশরা (আদিবাসী মহিলা)-র দেহ উদ্ধার হয়েছে পাশের বাড়ির সীতারাম হেমব্রমের উঠোন থেকে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে চুরির উদ্দেশ্যে সীতারাম হেমব্রমের বাড়িতে ঢুকেছিল জাসমিন। আচমকা বাড়ির মধ্যে শব্দ শুনে আতঙ্কিত হয়ে যান সীতারাম। ভয় পেয়ে তিনি পিছন থেকে কুড়ুল দিয়ে আঘাত করেন জাসমিনের মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। পরে ঘটনার পরেই সীতারাম হেমব্রম নিজেই মহম্মদবাজার থানায় আত্মসমর্পণ করেন। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস সূত্রে জানা গেছে, মৃতা জাসমিন বেশরা ওই গ্রামেই মায়ের সঙ্গে থাকতেন। সীতারাম হেমব্রমের পরিবারও একই গ্রামে বসবাস করে। রাতের অন্ধকারে ঘোরাঘুরি করতে দেখে আতঙ্ক থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
