গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামী ৭ জানুয়ারির মধ্যে যেকোনো দিন ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সারাদেশে একযোগে শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে শুরু হয়ে নির্ধারিত একঘণ্টায় পরীক্ষা শেষ হয়।
আবেদনকারী ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থীর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৩৬ পরীক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে গাজীপুর কৃষি বিশ্বাবদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে ভর্তি পরীক্ষা কেবল একটি মূল্যায়ন প্রক্রিয়া নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। সেই উপলব্ধি থেকেই আমরা সর্বোচ্চ মানবিকতা, স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিয়ে এ আয়োজন সম্পন্ন করেছি।
ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান তিনি।
কৃষিগুচ্ছে থাকা ৯ বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
