জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের শাপলার কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে প্রত্যাশা রাষ্ট্রের সব জায়গায় ইনসাফ নিশ্চিত করা। দুর্নীতিবিরোধী, আজাদি ও ইনসাফের ভিত্তিতে একটি নির্বাচনী জোট গড়ে উঠেছে। শুরুতে এই জোটে আটটি দল ছিল, পরে এনসিপি এতে যোগ দেয়।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, হাদি ভাই আগ্রাসনবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার কারণে শহিদ হয়েছেন। আধিপত্যবাদী শক্তিগুলো তাকে হত্যা করেছে। একই কারণে আমরা গত ১৭ বছর ফ্যাসিবাদের কবলে ছিলাম। এতে আমাদের মৌলিক মানবাধিকার ক্ষুণ্ন হয়েছে, অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই অবস্থা থেকে অর্থনৈতিক মুক্তি এবং ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
এর আগে সোমবার বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন হাসনাত আবদুল্লাহ।
এ সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানো জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ)সহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
