খতমে নবুওয়াত বাংলাদেশ’র আমির ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য আল্লামা মুফতী নূর হোসাইন নূরানী বলেছেন, ‘বাংলাদেশের সকল অশান্তির মূলে রয়েছে ‘র’। আমি ইন্ডিয়াকে চিনি, আমি ‘র’কে বুঝি। এ কারণেই দেশের ৬৪ জেলায় ওয়াজ মাহফিলে আমি এ কথা পরিষ্কার ভাষায় বলে আসছি। ইনশাআল্লাহ, এই বক্তব্যের ওপর ভিত্তি করেই আগামী দিনে আমরা আন্দোলন গড়ে তুলবো।’

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের মুন্সীরহাট এলাকার ইজতিমা নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মুফতী নুর হোসাইন নুরানী নিজেকে মুন্সীগঞ্জ- ৩ (সদর-গজারিয়া) আসনে আল্লামা মামুনুল হকের মনোনীত এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন। একই সঙ্গে নির্বাচিত হলে মুন্সীগঞ্জ- ৩ আসনের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। খ্রিস্টানরা গির্জায় যাবেন, তাতেও কোনো আপত্তি নেই। সকল ধর্মাবলম্বী স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে যার মতবাদে বিশ্বাস করে রাজনীতি করতে পারে- এ বিষয়েও আমাদের কোনো আপত্তি নেই।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী শহীদ শরিফ ওসমান হাদি আমাদের জুলাই যোদ্ধা এবং অগ্রনায়ক ছিলেন। তার বক্তব্য ও আচরণে ইতিপূর্বেই সর্বসম্মতিক্রমে প্রমাণিত হয়েছে, তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। তাকে রাজধানী ঢাকায় প্রকাশ্যে গুলি করে আহত করা হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে গতকাল রাতে তিনি ইন্তেকাল করেন। এ ঘটনায় আমাদের ভাষা হারিয়ে গেছে।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল্লাহ হাসান, সাংগঠনিক সম্পাদক ওসামা আজিজি, সমাজকল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মো. সালাহউদ্দিন, সদস্য মো. মোসলিম উদ্দিন, মো. হুমায়ুন কবির, ছাত্র মজলিসের সদস্য মো. ওমর ফারুক, মো. আব্দুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *