সুনামগঞ্জে অভিযান চালিয়ে ৩১টি ভারতীয় গরু ও নৌকাসহ সহদোর দুই ভাইকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার জামালগঞ্জের জয়নগর বাজার থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
তারা হলেন উপজেলার নরসিংহপুর গ্রামের ছেরাগ আলীর ছেলে আনছার আলী (৩০) ও তার সহোদর আশিক মিয়া (২০)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুরমা নদী দিয়ে পাচারকালে পুলিশের অভিযানে জেলার দোয়ারাবাজার উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে আসা অবৈধ গরুর চালানের ৩১টি ভারতীয় গরু এবং গরুবহনকারী একটি স্টিল বডি নৌকাসহ দুইজনকে আটক করা হয়।
এ দিকে একইদিন অপর এক অভিযানে উপজেলার বল্লভপুর গ্রাম সংলঘ্ন ইট ভাটার পাশে ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৩০০ পিস ভারতীয় কাশমেরি শাল, ১৩১ পিস শেরওয়ানি, ১০১ পিছ মেয়েদের জামাসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার মূল্য ৪৮ লাখ ২১ হাজর ৫০০ টাকা।
অবৈধ চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আটক মালামালসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
