লিয়োনেল মেসিকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলার ঘটনায় এবার বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। কলকাতায় মেসিকে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের ডিজি রাজীব কুমার নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার সঙ্গে যুক্ত সকল দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।
সূত্রের খবর, উদ্যোগটা টাকা ফেরতের ব্যাপারে মুচলেখা দিয়েছেন পুলিশের কাছে।
শনিবার যুবভারতীতে লিয়োনেল মেসির উপস্থিতি ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। ভিআইপি ও আয়োজকদের ভিড়ে গ্যালারি থেকে মেসিকে দেখা না যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকেরা। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরু হয় বোতল ছোড়া, গ্যালারির চেয়ার ভাঙচুর এবং শেষে ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন হাজার হাজার মানুষ। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাফকে।
এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবভারতীতে না গিয়ে মাঝপথ থেকেই ফিরে যান। পরে সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লিয়োনেল মেসি ও ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চান। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করেন মুখ্যমন্ত্রী।
এরই মধ্যে মূল উদ্যোক্তার গ্রেফতার প্রশাসনের তরফে একটি স্পষ্ট বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ডিজি রাজীব কুমার জানিয়েছেন, তদন্তে কোনও রকম শিথিলতা রাখা হবে না। কার গাফিলতিতে এই পরিস্থিতি তৈরি হল, কোথায় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা ঘটেছে—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
মেসিকে একবার দেখার আশায় মাঠে আসা হাজার হাজার ফুটবলপ্রেমীর ক্ষোভ ও হতাশার আবহে এই গ্রেফতার এবং টিকিট ফেরতের বার্তা প্রশাসনের জবাবদিহির দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছে রাজনৈতিক ও ক্রীড়া মহল।
