ডিসেম্বর মধ্যগগনে পৌঁছলেও দক্ষিণবঙ্গে এখনও চেনা শীতের দেখা মেলেনি। তাপমাত্রা কোথাও ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি এবং আপাতত হঠাৎ করে পারদ ঝপ করে নামার সম্ভাবনাও কম বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার পরিসংখ্যান। তবে গত কয়েক দিনের তথ্য বলছে, দক্ষিণবঙ্গের শীতে পুরুলিয়া বা ঝাড়গ্রামের একচ্ছত্র আধিপত্য আর নেই। বরং ‘শীতলতম’ জায়গার তালিকায় শীর্ষে উঠে এসেছে বীরভূমের শ্রীনিকেতন।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা ওই দিন দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম। শনিবারও এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। তুলনায় পুরুলিয়ায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস—শ্রীনিকেতনের চেয়ে প্রায় দু’ডিগ্রি বেশি। অর্থাৎ, একসময় দক্ষিণবঙ্গের শীতের ‘হটস্পট’ বলে পরিচিত পুরুলিয়া এবার সেই জায়গা ধরে রাখতে পারেনি।

গত কয়েক বছরে শীতের মরশুমে পুরুলিয়া ও ঝাড়গ্রামই দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে ঠান্ডা এলাকা হিসেবে পরিচিত ছিল। অনেক সময় উত্তরবঙ্গের কিছু জেলার থেকেও এই দুই জেলার তাপমাত্রা নেমে গিয়েছিল। কিন্তু চলতি শীতে এখনও পর্যন্ত রাজ্যের পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে সেই চেনা কনকনে ঠান্ডার আমেজ নেই। তার বদলে বোলপুর-শান্তিনিকেতন লাগোয়া শ্রীনিকেতনই দক্ষিণবঙ্গের শীতলতম অঞ্চল হিসেবে উঠে আসছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম দিক থেকে জোরালো শুষ্ক ও ঠান্ডা হাওয়া নামতে না পারলে দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় পতন হয় না। আপাতত সেই পরিস্থিতি তৈরি না হওয়ায় শীতের দাপটও তেমন জোরালো হচ্ছে না। ফলে ডিসেম্বরের মাঝামাঝি এসেও দক্ষিণবঙ্গে শীতের ছবিটা এখনও অনেকটাই ফিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *