3 October 2025, 09:30 AM
Durga Puja 2025: বিজয়া দশমীর রাতেও কলকাতার পুজো মণ্ডপগুলিতে উপচে পড়া ভিড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মধ্যরাতের পর থেকেই শহরে বৃষ্টি শুরু হলেও, তাতে ভাটা পড়েনি দর্শনার্থীদের উৎসাহে। শ্রীভূমি, সুরুচি সংঘ, দমদম পার্ক, টালা প্রত্যয়, লেবুতলা পার্ক, চেতলা অগ্রণী সহ শহরের নামী মণ্ডপগুলোতে ছিল মানুষের ঢল। পুজোর মূল কয়েকদিন অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই দর্শন সেরে উঠতে পারেননি। তাই বিজয়ার রাতকে হাতছাড়া করতে রাজি নন কেউই। ছাতা মাথায় বা রেইনকোট গায়ে- ভিড় জমেছে প্রতিমা আর মণ্ডপ দর্শনে। প্যান্ডেলগুলিতে এখনও চলছে আলো, ঢাক আর সেলফির উৎসব। শহরের নানা প্রান্তে পুলিস ও স্বেচ্ছাসেবীরা ভিড় সামলাতে ব্যস্ত। বৃষ্টি সত্ত্বেও রাস্তায় যান চলাচলও ছিল সচল। দুর্গাপুজোর উৎসবশেষেও কলকাতা যেন এখনও উৎসবমুখর।
3 October 2025, 08:45 AM
Jalpaiguri: বিজয়ার মিষ্টিমুখ জলপাইগুড়ির বিভিন্ন মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড়। হরেক রকমের মিষ্টির সম্ভার নিয়ে বিভিন্ন মিষ্টান্ন ব্যবসায়ীরা। শুভ বিজয়া উপলক্ষে মিষ্টির দোকানে হরেক রকমের মিষ্টি সাজিয়ে রেখেছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা । বিজয়া উপলক্ষে দশমীর দিনে মিষ্টি কিনতে জলপাইগুড়ি নেতাজি পাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন হারু ঘোষের মিষ্টান্ন ভান্ডারে কাস্টমারদের ভিড় উপচে পড়েছে। রসগোল্লা, পানতোয়া,ঘি য়ে ভাজা জিলাপি , ছানার পোলাও, সিতাভোগ,রাজভোগ, কমলা ভোগ, কালোজাম , চমচম, গঙ্গারামপুরের দই, চমচম বোদে, ঝুড়ি, বুন্দিয়া, নিমকি সহ হরেক রকমের মিষ্টির সম্ভার নিয়ে জলপাইগুড়িতে বিজয়া শুরু।
3 October 2025, 08:45 AM
Kalna: ঠাকুর দেখতে বেরিয়ে ট্রেন থেকে পরে গুরুতর জখম পূর্ব বর্ধমানের যুবক। চুঁচুড়া হাসপাতালে চিকিৎসা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির কোন্নগরে আত্মীয় বাড়ি সেখানে গতকাল ঠাকুর দেখতে এসেছিলেন পূর্ব বর্ধমানের কালনার যুবক মৃন্ময় কোলে। রাত প্রায় ন’টা নাগাদ চুঁচুড়া ও চন্দননগর স্টেশনের মধ্যবর্তী রেললাইনের ধারে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হন কালনার হিজুলি গ্রামের বছর কুড়ির ওই যুবক। চলন্ত ট্রেন থেকে পড়ে মাথার পিছনে গুরুতর আঘাত লাগে তার। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার কয়েকজন যুবক দ্রুত রেল পুলিসকে খবর দেন।জিআরপি যুবককে উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসক।
3 October 2025, 08:45 AM
Durga Puja 2025: আগামীকাল কার্নিভাল। জলপাইগুড়িতে সকাল থেকেই সাফাই কর্মীরা নেমে পড়েছেন নদী ঘাট চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করতে। জলপাইগুড়ি পৌরসভার কিং সাহেব করলা নদীর সংলগ্ন ঘাট পরিস্কার করার কাজ শুরু করেছেন পৌরসভা। গতকাল নিরঞ্জন হতেই নদী থেকে বিভিন্ন কাঠামো ময়লা আবর্জনা পরিষ্কার করে রাখা হয়েছে ঘাট চত্বরেই। আজ সকাল থেকেই জলপাইগুড়ি পুরসভার সাফাই কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নেমে পড়েছেন।
3 October 2025, 08:45 AM
Baruipur: বারুইপুর পূর্বের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকার কাঠের ব্রিজের কাছে মিলল এক যুবকের রক্তাক্ত দেহ। শুক্রবার সকালে পথচলতি মানুষের চোখে পড়ে ঘটনাস্থল। গলার নলী কাটা অবস্থায় রাস্তায় পড়ে থাকা দেহ দেখেই তারা আতঙ্কে চিৎকার শুরু করেন। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে এলাকায় ভিড় জমে যায়। পাশে পড়েছিল একটি মদের বোতল। সেই সূত্র ধরেই সন্দেহ দানা বাঁধছে আরও গভীরভাবে।
