ভারতের গোয়ায় আজ থেকে শুরু হয়েছে বিশ্বকাপ দাবা। বিশ্বকাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশগ্রহণ করছেন। নীড় প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ড্র করেছেন। নীড়ের প্রতিপক্ষ ছিলেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার তারি আরআয়ান।
নরওয়ের গ্র্যান্ডমাস্টারের রেটিং ২৬৩১। নীড়ের রেটিং ২৩৬৯। নীড় সাদা ঘুটিতে ড্র করেন। আগামীকাল দ্বিতীয় ম্যাচে নীড় কালো ঘুটি নিয়ে খেলবেন। সেটিও যদি ড্র হয় তাহলে দুই জনের মধ্যে র্যাপিড খেলা হবে। র্যাপিড খেলা অমীমাংসিত থাকলে তখন ব্লিটজ হবে।
এদিকে ফাহাদ রহমানের প্রতিপক্ষ ছিল ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ইভানচুক। ফাহাদের (২৪১৬) চেয়ে ২০০ রেটিং এগিয়ে ইউক্রেনের এই দাবাড়ু। ফাহাদ সাদা ঘুটি নিয়ে ইউরোপের এই গ্র্যান্ডমাস্টারের কাছে হেরে গেছেন। কাল ড্র করলেও ফাহাদ টুর্নামেন্ট থেকে বিদায় নেবেন। জয় পেলে আবার র্যাপিড, ব্লিটজে গড়াবে খেলা।
দাবা বিশ্বকাপে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবই একবার দ্বিতীয় রাউন্ডে খেলেছিলেন। বিশ্বকাপ দাবায় সেটিই বাংলাদেশের সর্বোচ্চ অর্জন।
