কোনও মহিলার দিকে আপত্তিকর ভাবে তাকানো আর তাঁর কাছে যৌন সুবিধা চাওয়া—দুটি এক বিষয় নয়। শুধু কুদৃষ্টিতে তাকানোর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭৫(১)(ii) ধারায় যৌন হয়রানির অপরাধ প্রতিষ্ঠা করা যায় না। একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ করল কর্নাটক হাই কোর্ট। অভিযোগকারিণী নিজের আগের অভিযোগের গুরুত্বপূর্ণ অংশ প্রত্যাহার করায় অভিযুক্তের বিরুদ্ধে চলা ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছে আদালত।
‘হাফিজ খাসিম বনাম কর্নাটক রাজ্য’ মামলায় বিচারপতি সূরজ গোবিন্দরাজ এই পর্যবেক্ষণ করেন। ২ নভেম্বর অভিযুক্তের আবেদনের ভিত্তিতে মামলাটি খারিজ করে আদালত।
– বিজ্ঞাপন –
মামলার সূত্রপাত একটি আর্থিক বিবাদকে কেন্দ্র করে। অভিযোগকারিণীর দাবি ছিল, আর্থিক সমস্যার সময়ে অভিযুক্তের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তিনি। পরে সেই টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে বিবাদ তৈরি হয়। অভিযোগ, বিষয়টি মেটাতে অভিযুক্তের বাড়িতে গেলে তিনি ওই মহিলার কাছে যৌন সুবিধা চান। বিনিময়ে টাকা ও অন্যান্য সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেন। টাকা ফেরত না দিলে শারীরিক ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।
প্রাথমিক অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআরে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১)(ii) ধারা—যৌন সুবিধা চাওয়া, ৭৫(১)(iv) ধারা—যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ৩৫১(২) ধারা—অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং ৩৫২ ধারা—শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমানের উল্লেখ ছিল।
কিন্তু তদন্ত চলাকালীন পুলিশকে দেওয়া পরবর্তী বয়ানে অভিযোগকারিণী আগের অভিযোগের গুরুত্বপূর্ণ অংশ অস্বীকার করেন। তিনি জানান, অভিযুক্ত শুধু তাঁর দিকে আপত্তিকর ভাবে তাকিয়েছিলেন। যৌন সুবিধা চাওয়া বা শারীরিক ক্ষতির হুমকির অভিযোগ আর করেননি তিনি।
তা সত্ত্বেও পুলিশ চার্জশিটে BNS-এর ৭৫(১)(ii) এবং ৩৫১(২) ধারা উল্লেখ করে। এর বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত।
বিজ্ঞাপন
আদালত জানায়, প্রাথমিক অভিযোগে যৌন সুবিধা চাওয়ার যে দাবি করা হয়েছিল, পরবর্তী বয়ানে অভিযোগকারিণী নিজেই তা অস্বীকার করেছেন। তদন্তেও সেই অভিযোগের সমর্থনে অন্য কোনও তথ্যপ্রমাণ মেলেনি। শুধু আপত্তিকর ভাবে তাকানোর অভিযোগকে ৭৫(১)(ii) ধারায় যৌন সুবিধা চাওয়ার অপরাধ হিসেবে গণ্য করা যায় না।
একই ভাবে, শারীরিক ক্ষতির হুমকির অভিযোগও প্রত্যাহার করায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগের প্রয়োজনীয় ভিত্তি পাওয়া যায়নি বলে জানায় আদালত।
তবে প্রাথমিক অভিযোগ ও পরবর্তী বয়ানের মধ্যে অসঙ্গতি থাকলেই সব ক্ষেত্রে ফৌজদারি মামলা খারিজ করা যায় না, সে কথাও স্পষ্ট করেছে আদালত। কিন্তু এই মামলায় অভিযোগকারিণী নিজেই অপরাধের গুরুত্বপূর্ণ উপাদানগুলি অস্বীকার করেছেন। তদন্তেও অভিযোগের সমর্থনে অন্য কোনও উপাদান পাওয়া যায়নি। ফলে BNS-এর ৭৫(১)(ii) ও ৩৫১(২) ধারায় বিচারপ্রক্রিয়া চালিয়ে যাওয়ার কোনও যুক্তি নেই বলে জানায় আদালত।
শেষ পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে ওই দুই ধারায় দায়ের হওয়া মামলা খারিজ করে দেয় কর্নাটক হাই কোর্ট।
