ছবির উৎস, AFP via Getty Images
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন নীতি “অতিরিক্ত কঠোর” ছিল। মধ্যবর্তী নির্বাচনে তার দলের বড় ধরনের পরাজয়ের পর এ মন্তব্য করলেন তিনি।
এর মধ্য দিয়ে নিজের রাজনৈতিক কর্মসূচির অন্যতম প্রধান অবস্থান থেকে প্রকাশ্যে সরে আসার ইঙ্গিত দিলেন তিনি।
সিবিএস-এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মি. ট্রাম্প বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে সীমিত করার জন্য তিনি নিজেকে ‘এ প্লাস’ নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে তিনি ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছেন।
ডোনাল্ড ট্রাম্পের এ স্বীকারোক্তির পরও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, তারা অভিবাসনবিরোধী অভিযান থেকে সরে আসছে না।
মধ্যবর্তী নির্বাচনের দিন ভোটারদের ওপর চালানো এক জরিপে দেখা গেছে, ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ইস্যুর মধ্যে অভিবাসন ছিল তৃতীয়। এর আগে ছিল অর্থনীতি ও গণতন্ত্রের অবস্থা।
টেক্সাসের মতো ঐতিহাসিকভাবে রিপাবলিকানদের শক্তিশালী রাজ্যগুলোতে লাতিনো ভোটারদের একটি অংশ ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়েন। কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এটি ভূমিকা রাখে।
সিক্সটি মিনিটস’কে ট্রাম্প বলেন, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যু তাঁর রিপাবলিকান দলের প্রার্থীদের ‘সাহায্যও করেছে, আবার ক্ষতিও করেছে’।
“আমার মনে হয়, সীমান্ত বন্ধ করার জন্য আমি এ প্লাস পেয়েছি,” রোববার সন্ধ্যায় প্রচারিত অনুষ্ঠানে বলেন তিনি।
তিনি আরও বলেন, “মানুষকে বের করে দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে খারাপ লোকদের বের করে দেওয়ার জন্য আমি খুব ভালো নম্বর পাব।”
কিন্তু আমি কষ্ট পাই, কারণ আমরা এমন লোকদেরও নিয়েছি যাদের ভালো চাকরি ছিল, যারা একটি আইন লঙ্ঘন করেছিল, আর তা হলো তারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছিল।
ছবির উৎস, Getty Images
“আমার মনে হয় এটা খুব কঠিন ছিল,” বলেন ট্রাম্প।
ট্রাম্প আরও বলেছেন যে, তিনি কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে অভিবাসন নিয়ে কিছু একটা করতে আগ্রহী, তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।
এক বছর আগে ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে, উদ্ধত ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন যে তার প্রশাসনের অভিবাসন অভিযান “যথেষ্ট নয়”।
রোববার তাঁর আপোষমূলক মন্তব্যটি ছিল দিনের শুরুতে বিবিসিকে দেওয়া হোয়াইট হাউসের বিবৃতির সুর থেকে একটি আকস্মিক পরিবর্তন।
তবে এক নারী মুখপাত্র প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, “আমাদের জনগোষ্ঠীকে আতঙ্কিত করে এমন অপরাধী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের প্রচেষ্টা প্রশাসন কমাবে না।”
ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)-ও রোববার তাদের অবস্থান পরিবর্তনের কোনো লক্ষণ দেখায়নি।
ডিএইচএসের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, “আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) তাদের অভিযান থেকে পিছিয়ে আসছে না বা এর গতি কমাচ্ছে না।”
মঙ্গলবারের নির্বাচনে পরাজয়ের পর, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাদের অভিবাসন কৌশলে পরিবর্তন আনার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন।
নির্বাচনের ফলাফল নিয়ে অনলাইনে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভ্যান্স লেখেন, “আমি এমন ধারণার প্রতি উন্মুক্ত যে, আমাদের আইন প্রয়োগের কৌশল পরিবর্তন করা উচিত। উদাহরণ হিসেবে, অবৈধ শ্রমিক নিয়োগ করে এমন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর বেশি নজর দেওয়া যেতে পারে।”
তবে শুক্রবার ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের জন্য পরিচিত স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগের ঘোষণা দেন। এতে প্রশাসনের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
ছবির উৎস, Getty Images
প্রথম ও দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির স্থপতি হিসেবে অন্যতম প্রধান রূপকার হিসেবে স্টিফেন মিলারকে ব্যাপকভাবে বিবেচনা করা হয়।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সূত্র সিবিএসকে জানিয়েছে যে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্মকর্তাদের প্রতিদিন প্রায় ২,৭০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে প্রতিদিন ২ হাজার জনকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছর অভিবাসন আইন প্রয়োগে ব্যাপক অভিযানকে কেন্দ্র করে শিকাগো, মিনিয়াপোলিস ও লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে আইসের (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে যুক্তরাষ্ট্রের দুই বিক্ষোভকারী রেনে গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হন।
ছবির উৎস, Getty Images
ডেমোক্র্যাটরা কী করতে পারবে, কী পারবে না?
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের বাস্তবতা জানুয়ারিতে এসে ধরা দেবে।
ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া শিগগিরই প্রতিনিধি পরিষদের একটি শক্তিশালী তদারকি কমিটির নেতৃত্ব দেবেন, যা ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরকে বেশ কঠিন করে তোলার ক্ষমতা রাখবে।
মার্কিন সেনেট ও প্রতিনিধি পরিষদ, উভয় কক্ষেই কমিটিগুলোর তদন্ত করার ক্ষমতা আছে, যা ব্যবহার করে তারা প্রেসিডেন্ট এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা কথিত স্বার্থের সংঘাত এবং অন্যান্য কর্মকাণ্ড খতিয়ে দেখতে পারে।
মঙ্গলবার, সম্ভাব্য লক্ষ্যগুলোর একটি তালিকা দেন গার্সিয়া। ট্রাম্পের পরিবার, কর্পোরেট দুর্নীতি, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এবং এপস্টিন ফাইলগুলো নিয়ে সরকারের কার্যকলাপ।
প্রেসিডেন্টের মন্ত্রিসভা ও বিচার বিভাগীয় মনোনয়ন নিশ্চিত করা বা আটকে দেওয়ার ক্ষমতাও রয়েছে সেনেটের।
উদাহরণস্বরূপ, ট্রাম্পের মেয়াদে মার্কিন সুপ্রিম কোর্টে যদি কোনো শূন্যপদ তৈরি হয়, তাহলে সেনেট ডেমোক্র্যাটরা তাদের নতুন ক্ষমতা ব্যবহার করে মনোনয়ন আটকে দিতে পারেন। অথবা ট্রাম্পকে আরও মধ্যপন্থি প্রার্থী বেছে নিতে বাধ্য করতে পারেন, যিনি দ্বিদলীয় সমর্থন পাবেন।
প্রেসিডেন্টের অভিশংসন করার ক্ষমতাও প্রতিনিধি পরিষদের রয়েছে, যা কোনো কর্মকর্তাকে পদ থেকে সরানোর জন্য কংগ্রেসের প্রক্রিয়ার প্রথম ধাপ।
ডেমোক্র্যাটরা ট্রাম্পের প্রথম মেয়াদে দুইবার তাকে অভিশংসিত করেছিল, যদিও মার্কিন সেনেট শেষ পর্যন্ত উভয় ক্ষেত্রেই তাকে খালাস দেওয়ার পক্ষে ভোট দিয়েছিল।
যেহেতু তারা উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা দিয়ে নিয়ন্ত্রণ করবে, তাই ডেমোক্র্যাটরা তুলনামূলক সহজভাবে কংগ্রেসে আইন প্রণয়ন করতে সক্ষম হবে।
তবে এটিকে আইনে পরিণত করা কঠিন হবে। কারণ, অধিকাংশ আইন কার্যকর হওয়ার জন্য একজন প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন হয়।
ট্রাম্পের কাছে কংগ্রেসের পাস করা আইন প্রত্যাখ্যান করার ক্ষমতা আছে, যা তিনি সমর্থন করেন না এবং কংগ্রেস কেবল উভয় কক্ষ থেকে সুপারমেজরিটি দিয়ে তাকে অগ্রাহ্য করতে পারে।
