ভারত: ২০৮ (৪৬.৩ ওভার) (অর্জুন রাজপুত ১০৭, রিজ়ওয়ানুল্লাহ ৩-২৪, আলি রাজ়া ৩-৩৭, নিকাব শফিক ৩-৪২)

পাকিস্তান: ২০৯-৭ (৪৮.১ ওভার) (হামজা জাহুর ১০০ নট আউট, হাসনইন আব্বাস দার ৩৮, মনল ৩-৩২, মোহিত উল্ভা ২-৪৫)

– বিজ্ঞাপন –

খবর অনলাইন ডেস্ক: বড়দের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপট থাকলেও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেই ছবি দেখা গেল না। ব্যাটিং বিপর্যয়ের কারণে পাকিস্তানের কাছে হারতে হল ভারতকে। অর্জুন রাজপুতের দুরন্ত শতরানও দলকে জেতাতে পারল না। অন্য দিকে, পাল্টা অপরাজিত শতরান করে পাকিস্তানের জয় নিশ্চিত করলেন হামজা জাহুর।

প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ২০৮ রানে অল আউট হয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ রান করেন পাঁচ নম্বরে নামা অর্জুন। মাত্র ৮০ বলে শতরান পূর্ণ করেন তিনি। শেষপর্যন্ত ৮৫ বলে ১০৭ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও পাঁচটি ছক্কা। কিন্তু অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় রান তুলতে পারেনি ভারত। কাব্য পটেল করেন ২৩ রান। পাকিস্তানের হয়ে আলি রাজ়া, রিজ়ওয়ানুল্লাহ ও নিকাব শফিক তিনটি করে উইকেট নেন।

অর্জুনের সেঞ্চুরি ভারতের জয় আনতে পারল না। ছবি এক্স থেকে নেওয়া।

২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে পাকিস্তানও। মাত্র ৬১ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে তারা। ভারতের বোলারেরা তখন জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাত নম্বরে নামা হামজা জাহুর।

বিজ্ঞাপন

হাসনইন আব্বাস দারের সঙ্গে জুটি বেঁধে দলকে লড়াইয়ে ফেরান হামজা। দু’জনের মধ্যে ১০৭ রানের জুটি গড়ে ওঠে। আব্বাস ৩৮ রান করে আউট হলেও এক প্রান্ত ধরে রাখেন হামজা। শেষপর্যন্ত ১০৮ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। ৪৯তম ওভারের প্রথম বলে চার মেরে পাকিস্তানকে জয় এনে দেন হামজা। ১১ বল বাকি থাকতেই তিন উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন হামজা জাহুর।

এই জয়ের ফলে গ্রুপ এ-র শীর্ষে উঠে গেল পাকিস্তান। দু’ম্যাচে তাদের পয়েন্ট চার। দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। গ্রুপের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবে ভারত। সেমিফাইনালে উঠতে হলে সেই ম্যাচে জিততেই হবে তাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *