
Murshidabad Kali Puja 2026: গত কয়েক বছরে সাম্প্রদায়িক হিংসা ও ধর্মীয় মেরুকরণের কারণে বারবার মুর্শিদাবাদের দিকে সারা দেশের নজর গিয়েছে। তবে রাজ্যে সরকার বদলের পর মুর্শিদাবাদের পরিস্থিতি বদলে গিয়েছে। এখন হিংসার বদলে এই জেলায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়েছে।
মুর্শিদাবাদে ফিরল শান্তি
ধর্মীয় মেরুকরণের কারণে মুর্শিদাবাদের প্রবাহ ক্লাবে ৪ বছর বন্ধ ছিল কালীপুজো। এবার এই ক্লাবে ফের শুরু হল কালীপুজো।
Murshidabad News: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুর্শিদাবাদ স্টেশন রোড সংলগ্ন প্রবাহ ক্লাবের পরিচালনায় ফের চালু হল বন্ধ হয়ে যাওয়া কালীপুজো (Kali Puja 2026)। অভিযোগ, বিগত সরকার বিশেষ একটি ধর্মকে প্রাধান্য দেওয়ার কারণে এই পুজো বন্ধ হয়ে যায়। এমনকী, প্রবাহ ক্লাবও বন্ধ করে দেওয়া হয়। লালবাগের এই অঞ্চলে প্রবাহ ক্লাবের অনুষ্ঠিত হওয়া দীর্ঘদিনের চড়ক পুজোও বন্ধ করে দেওয়া হয়। শুধু পুজোই নয়, এই মাঠে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা দিবস পালনও বন্ধ ছিল। তবে এবার পরিস্থিতি বদলে গিয়েছে। মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষের উদ্যোগে চার বছর পর ফের প্রবাহ ক্লাবে কালীপুজো শুরু হল। রবিবার মন্ত্রী নিজে এই পুজো উদ্বোধন করলেন। এবার এই ক্লাবের কালীপুজোর ২৭-তম বছর। বন্ধ হয়ে যাওয়া পুজো ফের শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা খুশি।
কথা রাখলেন মন্ত্রী
রবিবার প্রবাহ ক্লাবের কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অনগ্রসর শ্রেণি কল্যাণ, জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী গৌরী শঙ্করের পাশাপাশি ছিলেন বিজেপি-র (BJP) মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মন্ডল। এছাড়া ছিলেন নিবিড় দাস, নয়না দাস মন্ডল, সুজিত হালদার, বিজেপি-র সংখ্যালঘু সেলের অন্যতম সদস্য হাসান আবাদ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। মন্ত্রী হওয়ার আগেও মুর্শিদাবাদের বিধায়ক ছিলেন গৌরী শঙ্কর। তিনি সেই সময় কথা দিয়েছিলেন, রাজ্যে সরকার পরিবর্তন হলে এই মাঠে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং বন্ধ হয়ে যাওয়া পুজোগুলি ফের চালু করবেন। মন্ত্রী হওয়ার পর সেই প্রতিশ্রুতির কথা ভোলেননি গৌরী শঙ্কর।
বিগত সরকারকে আক্রমণ মন্ত্রীর
রবিবার প্রবাহ ক্লাবের কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে বিগত সরকারকে আক্রমণ করে মন্ত্রী বলেন, ‘গত সরকারের একটি ধর্মের প্রতি বিশেষ আনুগত্য এবং ভোট রাজনীতির জন্য এই মাঠে শ্যামা পুজো, জাতীয় পতাকা উত্তোলন এবং চড়ক পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল।’ এদিন মণ্ডপের ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধন করেন মন্ত্রী। পুলিশ-প্রশাসনের সহযোগিতায় পুজো শুরু হয়েছে। আইন-শৃঙ্খলার কোনও সমস্যা নেই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
