স্মিতা দাস
প্রতীক্ষার অবসান। ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশিত হল। শুক্রবার, ৬ নভেম্বর সন্ধ্যায় পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে বোর্ড। আগামী বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উভয় শ্রেণির পরীক্ষা। সমস্ত পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টায়। পরীক্ষার ১০১ দিন আগেই সূচি প্রকাশ করায় প্রস্তুতির জন্য হাতে বেশ কিছুটা সময় পেল পড়ুয়ারা।
– বিজ্ঞাপন –
বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, দশম শ্রেণির পরীক্ষা চলবে ৯ মার্চ পর্যন্ত। অন্য দিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ৯ এপ্রিল। দশম শ্রেণিতে ৮৩টি বিষয়ে পরীক্ষা দেবে ২৬ লক্ষ ৫০ হাজারেরও বেশি পড়ুয়া। দ্বাদশ শ্রেণিতে ১২১টি বিষয়ে পরীক্ষায় বসবে প্রায় ১৯ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী। সম্পূর্ণ বিষয়ভিত্তিক সময়সূচি সিবিএসই-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে ডাউনলোড করা যাবে।
দশম শ্রেণির পরীক্ষার সূচি অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি পেন্টিং, ১৭ ফেব্রুয়ারি অঙ্ক (স্ট্যান্ডার্ড ও বেসিক), ২২ ফেব্রুয়ারি বিজ্ঞান, ২৬ ফেব্রুয়ারি ইংরেজি, ৩ মার্চ হিন্দি এবং ৮ মার্চ সমাজবিজ্ঞানের পরীক্ষা হবে।
দ্বাদশ শ্রেণিতে ১৬ ফেব্রুয়ারি পদার্থবিদ্যা দিয়ে শুরু হবে পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি রসায়ন, ৫ মার্চ ইংরেজি, ৯ মার্চ গণিত, ১৬ মার্চ অর্থনীতি, ২৫ মার্চ জীববিজ্ঞান, ২৭ মার্চ ইতিহাস এবং ১ এপ্রিল বিজনেস স্টাডিজের পরীক্ষা নির্ধারিত হয়েছে।
পরীক্ষার সূচি তৈরির ক্ষেত্রে পড়ুয়াদের সুবিধার দিকেও বিশেষ নজর দিয়েছে বোর্ড। বিশেষ করে দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করার সময় জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) এবং নিটের মতো সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য সময়সূচি বিবেচনায় রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ের পরীক্ষার মধ্যে পর্যাপ্ত ব্যবধান রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সিবিএসই-র পাশাপাশি পশ্চিমবঙ্গেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠিত হয়। তবে আগামী বছরের রাজ্যের দুই বোর্ড পরীক্ষার দিনক্ষণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। জনগণনার কাজের কারণে পরীক্ষা পিছোতে পারে বলে জল্পনা তৈরি হলেও, এ বিষয়ে চূড়ান্ত সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
