কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় ছটপুজো। সূর্যদেব ও তাঁর বোন ঊষার উদ্দেশে উৎসর্গ করা এই উৎসবের অন্যতম আকর্ষণ পুজোর প্রসাদ। আর সেই প্রসাদের তালিকায় বিশেষ জায়গা রয়েছে ঠেকুয়ার। উত্তর ভারত, বিশেষত বিহার ও ঝাড়খণ্ডের ছটপুজোয় এই মিষ্টি পদ অপরিহার্য। কোথাও এটি খাজুরিয়া বা ঠিকারি নামেও পরিচিত।
প্রচলিত বিশ্বাস, ঠেকুয়া নিবেদন করলে সূর্যদেব সন্তুষ্ট হন। তাই পুজোর প্রস্তুতিতে বাড়িতে বাড়িতে শুরু হয় ঠেকুয়া তৈরির তোড়জোড়। মুচমুচে এই পদটি তৈরি করাও বেশ সহজ। সামান্য কয়েকটি উপকরণ থাকলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু ঠেকুয়া।
– বিজ্ঞাপন –
ঠেকুয়া তৈরির উপকরণ:
- আটা – ৫০০ গ্রাম
- সুজি – আধ কাপ
- চিনি – ৩০০ গ্রাম
- ঘি – ২ চা চামচ
- সাদা তেল – ভাজার জন্য
- নারকেল কোরা – পরিমাণমতো
- মৌরি – ১ চা চামচ
- এলাচ গুঁড়ো – স্বাদমতো
- জল – প্রয়োজনমতো
যেভাবে বানাবেন:
প্রথমে একটি পাত্রে দু’কাপ জল গরম করে তাতে চিনি মিশিয়ে দিন। চিনি সম্পূর্ণ গলে গেলে তৈরি হয়ে যাবে চিনির রস। এ বার তাতে এলাচ গুঁড়ো মিশিয়ে নামিয়ে রাখুন।
অন্য একটি বড় পাত্রে আটা, সুজি, নারকেল কোরা, মৌরি ও ঘি ভালো করে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে চিনির রস দিয়ে মাখতে থাকুন। খেয়াল রাখবেন, মণ্ড যেন খুব নরম বা পাতলা না হয়ে যায়। মণ্ড তৈরি হলে ছোট ছোট লেচি কেটে হাতের সাহায্যে চেপে পছন্দমতো আকৃতি দিন। চাইলে ছাঁচও ব্যবহার করতে পারেন।
বিজ্ঞাপন
এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে আঁচ কমিয়ে দিন। একে একে ঠেকুয়াগুলি তেলে ছেড়ে ধীরে ধীরে ভাজুন। সোনালি-খয়েরি রং ধরলে তুলে নিন। ঠান্ডা হওয়ার পর ঠেকুয়া আরও মুচমুচে হয়ে উঠবে। এ বার পুজোর থালায় সাজিয়ে সূর্যদেবকে নিবেদন করুন বাড়িতে তৈরি সুস্বাদু ঠেকুয়া।
