
নতুন রেকর্ডের অপেক্ষায় দক্ষিণ ভারতীয় অভিনেতা নানি। তার নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে। মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় প্রায় ৯৭ কোটি ৫০ লাখ রুপি! ফলে তৃতীয় দিনেই (শনিবার) নানির ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা হওয়ার পথে রয়েছে এটি।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, নানির ক্যারিয়ারে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমা বর্তমানে ‘হিট: দ্য থার্ড কেস’। ২০২৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির মোট আয় প্রায় ১১৯ কোটি ৫০ লাখ রুপি। অন্যদিকে ‘দ্য প্যারাডাইস’ দুই দিনেই সেই অঙ্ক থেকে মাত্র প্রায় ২২ কোটি রুপি পিছিয়ে রয়েছে!
শনিবারের আয় যোগ হওয়ার পর ‘দ্য প্যারাডাইস’ সহজেই ‘হিট: দ্য থার্ড কেস’-এর রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই নানির নতুন সিনেমাটি তার আগের ক্যারিয়ার-সেরা আয়কে পেছনে ফেলতে পারে।
বিশ্বব্যাপী আয়ের তালিকায় নানির শীর্ষ সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হিট: দ্য থার্ড কেস’—১১৯ কোটি ৫০ লাখ রুপি, ‘দশরা’—১১৮ কোটি ৫০ লাখ রুপি এবং ‘এগা’—১০০ কোটির বেশি। ‘সারিপোধা সানিভারাম’ সিনেমাটির আয় ৯৮ কোটি ২০ লাখ রুপি। দুই দিন শেষে ৯৭ কোটি ৫০ লাখ রুপি আয় নিয়ে তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ‘দ্য প্যারাডাইস’।
‘দ্য প্যারাডাইস’ পরিচালনা করেছেন শ্রীকান্ত ওদেলা। ভারতে ভালো শুরুর পাশাপাশি বিদেশের বাজারেও সিনেমাটি উল্লেখযোগ্য আয় করছে। ফলে মুক্তির প্রথম সপ্তাহান্তেই নানির ক্যারিয়ারে নতুন বক্স অফিস রেকর্ড তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবারের পর রেকর্ডটি দখলে নেওয়ার পর রবিবারের আয়ই ঠিক করবে নতুন সিনেমাটি নানির আগের রেকর্ডকে কতটা ছাড়িয়ে যেতে পারে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
