
ভারতের বিপক্ষে ঘরের মাঠে ঐতিহাসিক টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল জাপান। বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে জয়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল স্বাগতিকরা। অভিজ্ঞ ভারতীয় বোলারদের সামনে যদিও ইতিহাস গড়া হয়নি, ২ রানে হেরেছে সূর্যোদয়ের দেশটি।
জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টির কারণে টি-টুয়েন্টি ম্যাচটির ওভার কাটা যায়। হয়েছে ৫ ওভারে ম্যাচ। সেখানেও সুবিধা করতে পারেননি ভারতের ব্যাটাররা। টসে জিতে আগে নেমে ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২ করে শ্রেয়াস আয়ারের দল। জবাবে ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রানে থামে জাপানের ইনিংস।
মাঠে বৃষ্টির পর রোদ হাসলেও ভারতের ব্যাটারদের অর্জন ছিল মলিন। সাঞ্জু স্যামসন করেন ৯ রান। অভিষেক শর্মা রানের খাতাই খুলতে পারেননি। ঈশান কিষাণের ব্যাটে ৩, আয়ার করেন ১৬ রান। শেষে তিলক ভার্মা অপরাজিত ১ রানে ইনিংস শেষ করেন।
জাপানের হয়ে চার্লি হারা-হিঞ্জ ২টি উইকেট নেনে। ইব্রাহিম তাকাহাশি এবং বেঞ্জামিন ইটো-ডেভিস ১টি করে উইকেট নেন।
জবাবে শুরুটা ভালো হয়নি জাপানের। দলীয় ২ রানে ওপেনার ল্যাকলান ইয়ামামোতো-লেকে হারায় তারা, ফেরেন ১ রান করে। আরেক ওপেনার কেন্ডেল কাডওয়াকি-ফ্লেমিং ১২ রান করেন।
শেষ বলে জাপানের প্রয়োজন ছিল ৪ রান, বোলিংয়ে অক্ষর পাটেল। কেবল ১ রান নিতে পারেন শিরাই-পাতমোর, ভারতের বিপক্ষে প্রথম জয়ের একদম কাছ থেকে ফিরে আসতে হয় তাদের। অন্যদিকে ডেভিস চেষ্টা করেও পারেননি, ৯ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে ২টি উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
