এক বছর পরেও বদলাল না ছবি। গত বছর পুরুষদের এশিয়া কাপ জেতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেননি সূর্যকুমার যাদবেরা। এবার একই ঘটনার পুনরাবৃত্তি হল মহিলা এশিয়া কাপের ফাইনালেও। শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরও নকভির হাত থেকে ট্রফি নিলেন না হরমনপ্রীত কৌরেরা।

ফাইনালের শুরু থেকে গ্যালারিতে দেখা যায়নি নকভিকে। পাকিস্তান ফাইনালে না ওঠায় তিনি হয়তো আসেননি, এমনটাই মনে হয়েছিল। কিন্তু খেলার শেষ দিকে গ্যালারিতে দেবজিৎ শইকীয়া ও রাজীব শুক্লের ঠিক পিছনে তাঁকে দেখা যায়। তখনই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে জটিলতার ইঙ্গিত মেলে।

– বিজ্ঞাপন –

খেলা শেষ হওয়ার প্রায় ৪৫ মিনিট পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত বছরও এক ঘণ্টার বেশি দেরিতে অনুষ্ঠান শুরু হয়েছিল। এবার ভারতীয় দল কী করবে, তা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন নকভি—এমনটাই মনে করা হচ্ছে। মঞ্চে তাই এশিয়া কাপের ট্রফি দেখা যায়নি। গতবারের ট্রফিও এখনও ভারতীয় দলের হাতে পৌঁছয়নি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে আম্পায়ার, ম্যাচ রেফারি এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের মেডেল দেওয়া হয়। রানার্স-আপের চেক শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে তুলে দেন নকভি। এরপর সঞ্চালক পারভেজ় মাহরুফ অনুষ্ঠান শেষ হওয়ার কথা ঘোষণা করেন। ভারতীয় ক্রিকেটারদের মঞ্চের আশপাশেও দেখা যায়নি।

গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পর ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন আরও বেড়েছে। সেই আবহে এশিয়া কাপ থেকেই শুরু হয়েছিল করমর্দন বিতর্ক। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটারেরা। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও নকভির হাত থেকে ট্রফি নেননি সূর্যকুমারেরা।

এর পরেও বিতর্ক থামেনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের বারবার অনুরোধ সত্ত্বেও এশিয়া কাপের ট্রফি ভারতে পাঠানো হয়নি বলে অভিযোগ ওঠে। এবার মহিলা এশিয়া কাপের ফাইনালেও একই পরিস্থিতি তৈরি হল। চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে না নিয়েই শেষ হল ভারতের পুরস্কার বিতরণী পর্ব।

বিজ্ঞাপন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *