রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে ফের ভাতা বৃদ্ধির ঘোষণা। বার্ধক্যভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা আরও ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ফলে যোগ্য উপভোক্তারা মাসে ২,০০০ টাকা করে পাবেন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তবে এখনই বাড়তি টাকা হাতে পাবেন না উপভোক্তারা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন করে তথ্য যাচাইয়ের পর যাঁরা প্রকল্পগুলির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদেরই বর্ধিত হারে ভাতা দেওয়া হবে।
– বিজ্ঞাপন –
১০০০ থেকে বেড়ে এবার ২০০০ টাকা
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই তিনটি সামাজিক প্রকল্পের ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছিল। আগস্ট থেকে ১,৫০০ টাকা করে পাওয়ার কথা ছিল উপভোক্তাদের। এবার তার উপর আরও ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা হল।
অর্থাৎ, নতুন সিদ্ধান্ত কার্যকর হলে মাসিক ভাতার পরিমাণ দাঁড়াবে ২,০০০ টাকা।
পুরনো আবেদন বাতিল, নতুন করে আবেদন
এই তিনটি প্রকল্পের ক্ষেত্রে আগের সরকারের আমলে জমা পড়া আবেদনপত্রগুলি বাতিল করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ফলে আগে আবেদন করলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের নতুন করে আবেদন জমা দিতে হবে।
প্রশাসনিক সূত্রে খবর, নতুন আবেদন পাওয়ার পর উপভোক্তাদের যোগ্যতা যাচাই করা হবে। সমস্ত তথ্য খতিয়ে দেখার পরই কারা বর্ধিত হারে ভাতা পাওয়ার যোগ্য, তা চূড়ান্ত করা হবে।
বিজ্ঞাপন
কবে থেকে মিলবে ২০০০ টাকা?
নতুন করে আবেদন, তথ্য যাচাই এবং যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরির প্রক্রিয়া শেষ হওয়ার পরই ২,০০০ টাকা হারে ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তাই ঘোষণা হলেও এখনই প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে ২,০০০ টাকা ঢুকবে না।
