অন্নপূর্ণা যোজনার পোর্টাল খুলে গেল। বুধবার থেকে অনলাইনেই দেখা যাচ্ছে আবেদন ঠিক কোন পর্যায়ে রয়েছে। আবেদন অনুমোদিত হয়েছে কি না, এখনও প্রক্রিয়াধীন, নাকি বাতিল—সব তথ্যই দেখা যাবে সরকারি পোর্টালে। আবেদন বাতিল হয়ে থাকলে সেখান থেকেই ফের আবেদন করার সুযোগও থাকছে। পাশাপাশি, কোনও অযোগ্য ব্যক্তি প্রকল্পের টাকা পেয়ে থাকলে তাঁর বিরুদ্ধেও অভিযোগ জানানো যাবে।
আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনার সরকারি পোর্টাল-এ গিয়ে নিজেদের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন।
– বিজ্ঞাপন –
কীভাবে দেখবেন আবেদনের স্ট্যাটাস?
প্রথমে সরকারি পোর্টালে গিয়ে ‘Citizen/Family Login’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের জেলা নির্বাচন করে যে মোবাইল নম্বর দিয়ে অন্নপূর্ণা যোজনায় আবেদন করা হয়েছিল, সেই নম্বর দিতে হবে।
এর পর ওই মোবাইল নম্বরে ৬ সংখ্যার একটি OTP যাবে। OTP দিয়ে লগইন করলেই নতুন একটি পেজ খুলবে। সেখানে ‘Beneficiary Status Details’ বিভাগে আবেদনকারীর নামের পাশে স্ট্যাটাস দেখা যাবে।
সেখানে মূলত তিন ধরনের স্ট্যাটাস দেখা যেতে পারে—
- Approved — আবেদন অনুমোদিত হয়েছে। ইতিমধ্যেই টাকা পাওয়া হয়ে থাকতে পারে অথবা দ্রুত অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
- Under Process — আবেদন সফল ভাবে জমা হয়েছে এবং যাচাই প্রক্রিয়া চলছে। প্রয়োজনে কোনও আধিকারিক বাড়িতে গিয়ে নথি যাচাই করতে পারেন।
- Rejected — আবেদন বাতিল হয়েছে। সেক্ষেত্রে পোর্টালের মাধ্যমেই ফের আবেদন করার সুযোগ রয়েছে।
বাতিল হলে কী ভাবে ফের আবেদন করবেন?
পোর্টালে উপরের দিকে ‘Objection & Claim’ অপশন রয়েছে। সেখানে ক্লিক করলে দু’টি আলাদা বিকল্প পাওয়া যাবে।
বিজ্ঞাপন
আবেদন বাতিল হয়ে থাকলে আবেদনকারী নিজের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য দিয়ে ফের আবেদন করতে পারবেন। প্রশাসন সেই তথ্য যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
অন্যদিকে, কোনও অযোগ্য ব্যক্তি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকলে তাঁর বিরুদ্ধেও এই পোর্টালের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। তবে অভিযোগ করার সময় নির্দিষ্ট এবং সঠিক তথ্য দিতে হবে। অভিযোগ পাওয়ার পর প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে।
১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা
১৭ অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। প্রথম পর্যায়ে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। ২০ অগস্ট দুপুরের মধ্যে এই বিপুল সংখ্যক উপভোক্তা টাকা পেয়ে যাবেন বলে সরকার জানিয়েছে।
এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া ১ কোটি ৬৬ লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। বাকি ১৪ লক্ষ আবেদন, যেগুলি ১০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়েছিল, সেগুলির যাচাই চলছে।
যাঁরা এই যাচাইয়ে যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁরাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তাঁদের ক্ষেত্রে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার কথা জানিয়েছে সরকার।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, কোনও যোগ্য উপভোক্তা তালিকা থেকে বাদ পড়লে তাঁকে ফের আবেদনের সুযোগ দেওয়া হবে। সেই ঘোষণার পরই খুলে দেওয়া হল অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল। এবার আবেদনকারীরা নিজেরাই আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন এবং প্রয়োজন হলে আপত্তি বা নতুন করে আবেদনের সুযোগও নিতে পারবেন।
