ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন- এমন খবর ছড়িয়ে পড়েছে তুরস্কের সংবাদমাধ্যমে। তবে বিষয়টি নিয়ে এখনো সরাসরি কোনো বক্তব্য করেনি সাবেক ব্রাজিলিয়ান এই তারকা ডিফেন্ডার। ফলে ইসলাম গ্রহণের খবরটি আপাতত দাবি হিসেবেই রয়েছে, কার্লোস নিজে নিশ্চিত না করা পর্যন্ত এটিকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।
তুরস্কের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন ৫৩ বর্ষী রবার্তো কার্লোস। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় তিনি শাহাদাহ পাঠ করেন এবং ইসলাম গ্রহণের ঘোষণা দেন- এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত রবার্তো কার্লোসের নিজের কোনো বক্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
তুরস্কের সংবাদমাধ্যম ‘হাবেরলার’সহ কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি সামনে আসে। সেখানে বলা হয়, রবার্তো কার্লোস বেশ কিছুদিন ধরেই শেখ জিহাদ হামাদার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে শেখ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। সেই সাক্ষাতেই তিনি শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন।
কার্লোসের ইসলাম গ্রহণের খবর আরও ছড়িয়ে পড়ে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের পর।
সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের একটি সংগঠন ইসলামিক চ্যারিটেবল ইয়ুথ লিগ অব ব্রাজিলে অনুষ্ঠিত বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন শাহিন। বৈঠকে শেখ হামাদাহ ছাড়াও ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের আরও কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শাহিনের দাবি, শেখ হামাদা তাকে জানিয়েছেন- রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তিনি হামাদার সঙ্গে দেখা করেন এবং ইসলাম গ্রহণ করেন।
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর এমন এক সময়ে সামনে এসেছে, যখন তার ব্যক্তিজীবন নিয়েও নতুন করে আলোচনা চলছে। সম্প্রতি মরক্কো বংশোদ্ভূত নারী সুহাইলা এল তাহিরিকে বিয়ের খবর প্রকাশ্যে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের চুক্তিপত্রে স্বাক্ষরের ছবিও ছড়িয়ে পড়েছে। তবে তাদের বিয়ের বিষয়টি একেবারে নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতেই তাদের সম্পর্ক ও বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। পরে ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আয়োজন করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সুহাইলা এল তাহিরি ফুটবলের সঙ্গেও যুক্ত। তিনি ফিফা অনুমোদিত খেলোয়াড় এজেন্ট এবং ফুটবলারদের পেশাগত ক্যারিয়ার ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করেন।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, রবার্তো কার্লোস ও সুহাইলার সম্পর্কের শুরুটা হয়েছিল পেশাগত যোগাযোগের মাধ্যমে। পরে সেই সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। ব্রাজিল ও ইউরোপের মধ্যে ফুটবলারদের ক্যারিয়ার ও ব্যবসায়িক বিষয় নিয়েও তারা একসঙ্গে কাজ করেছেন বলে দাবি করা হয়েছে।



