ভোট মিটেছে, নতুন সরকারও গঠিত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে SIR-পর্বের আইনি জট এখনও কাটেনি। বিশেষ করে SIR-এ নাম বাদ পড়া ভোটারদের আবেদনের নিষ্পত্তি কতটা দ্রুত হচ্ছে, তা নিয়েই এ বার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। অধীর রঞ্জন চৌধুরীর আবেদনের শুনানিতে মঙ্গলবার শীর্ষ আদালত নির্বাচন কমিশনের কাছে ট্রাইবুনালগুলির কাজের বিস্তারিত হিসাব চেয়েছে।

মুর্শিদাবাদ ও মালদহে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় সেখানে অতিরিক্ত ট্রাইবুনাল গঠনের দাবি জানিয়েছেন অধীর। তাঁর বক্তব্য, আবেদনের তুলনায় নিষ্পত্তির হার কম। তাই দ্রুত শুনানি শেষ করতে ট্রাইবুনালের সংখ্যা বাড়ানো প্রয়োজন।

– বিজ্ঞাপন –

মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। আদালতে ট্রাইবুনালের কাজের গতি নিয়ে আলোচনা চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্তের তাৎপর্যপূর্ণ মন্তব্য, কাজ দ্রুত না হলে পরের নির্বাচনও চলে আসতে পারে।

বিচারপতি বাগচীও স্পষ্ট করে দেন, শুধু কতগুলি আপিল দায়ের হয়েছে তা জানলেই হবে না—কতগুলি আবেদন নিষ্পত্তি হয়েছে, সেই তথ্যও প্রয়োজন। সেই কারণেই নির্বাচন কমিশনকে এখনও পর্যন্ত নিষ্পত্তি হওয়া আবেদনের সংখ্যা আদালতে জানাতে বলা হয়েছে।

SIR-এর আওতায় বাদ পড়া প্রায় ৯১ লক্ষ নামের মধ্যে প্রায় ২৭ লক্ষ মানুষ ট্রাইবুনালে আবেদন করেছিলেন বলে আদালতে তথ্য দেওয়া হয়। প্রথম দিকে নিষ্পত্তির সংখ্যা প্রকাশ করা হলেও বর্তমানে সেই তথ্য নিয়ে স্পষ্টতা নেই বলেই আদালতে বিষয়টি ওঠে।

বর্তমানে ২৪টি জেলায় ১৮টি আপিল ট্রাইবুনালে এই আবেদনগুলির শুনানি চলছে। বিচারপতি বাগচী অনলাইনে মামলার তথ্য নিয়মিত আপডেট করার পাশাপাশি প্রযুক্তির সাহায্যে নিষ্পত্তির গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

এ দিকে SIR-এ নাম বাদ পড়ার কারণে রেশন পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও আদালতে তোলা হয়। তবে শীর্ষ আদালত জানায়, সেটি আলাদা বিষয় এবং প্রয়োজন হলে কলকাতা হাই কোর্টে আবেদন করা যেতে পারে।

আগামী ২৫ অগস্ট ফের এই মামলার শুনানি। সে দিন SIR-সংক্রান্ত আরও কয়েকটি মামলাও শুনবে সুপ্রিম কোর্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *