দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) একটি আইন প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এখনই স্টেজে বসে বিষয়টি শুনেছি। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। তিনি দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা কয়েকদিন আগেই এ বিষয়টি দেখভালের জন্য একটি ল ফার্ম নিয়োগ করেছি। তাদের বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনজীর আহমেদ জামিন পেয়েছেন বলে যে তথ্য এসেছে, সেটি সঠিক। তবে সরকার তার জামিন বাতিলের উদ্যোগ নিচ্ছে।

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে তিনি জেনেছেন, সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে বেনজীর আহমেদকে জামিন দেওয়া হয়েছে। তবে জামিনের শর্তগুলো পর্যালোচনার জন্য আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের নিয়োগ করা ল ফার্মকে জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা আইন অনুযায়ী কাজ করছে এবং আমরাও আইনি প্রক্রিয়াই অনুসরণ করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সরকারের নেওয়া এই উদ্যোগের মাধ্যমে বেনজীর আহমেদের জামিন বাতিল করা সম্ভব হবে। একই সঙ্গে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াতেও অগ্রগতি হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *