খবর অনলাইন ডেস্ক: কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের বক্সিং দল বুধবার দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। এ দিন রিংয়ে নামা ছ’জন ভারতীয় বক্সারই জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। দিনের শেষ লড়াইয়ে জ্যাসমিন ল্যাম্বোরিয়া জয় নিশ্চিত করার পর ভারতের ছয়ে ছয় জয়ের নজির সম্পূর্ণ হয়।

বুধবার সেমিফাইনালে ওঠা পাঁচ বক্সার হলেন জ্যাসমিন ল্যাম্বোরিয়া, নরেন্দর বেরওয়াল, অঙ্কুশ যাদব, সাক্ষী চৌধুরী, অরুন্ধতী চৌধুরী এবং সচিন সিওয়াচ। তাঁদের সাফল্যে গ্লাসগো গেমসে ভারতের মোট সেমিফাইনালিস্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০।

– বিজ্ঞাপন –

এই কৃতিত্বের ফলে ভারত ইতিমধ্যেই অন্তত ১০টি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে। পাশাপাশি এই সাফল্য কমনওয়েলথ গেমস ২০২২-এর বার্মিংহ্যাম আসরে ভারতের বক্সিংয়ের মোট পদকসংখ্যাকেও ছাড়িয়ে যাবে। বার্মিংহ্যামে ভারত মোট ৭টি পদক জিতেছিল, যার মধ্যে ছিল ৩টি সোনা, ১টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ।

সাক্ষীর দাপুটে শুরু

ভারতের জয়ের সূচনা করেন সাক্ষী চৌধুরী। মহিলাদের ৫১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে তিনি উত্তর আয়ারল্যান্ডের ক্যাটলিন ফ্রায়ার্সকে একতরফা লড়াইয়ে ৫-০ ব্যবধানে হারান।

শুরু থেকেই নিজের উচ্চতা ও রিচের সুবিধা কাজে লাগিয়ে দূরত্ব বজায় রেখে ধারাবাহিক আক্রমণ করেন সাক্ষী। প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগ না দিয়েই তিনি সর্বসম্মত সিদ্ধান্তে জয় নিশ্চিত করেন।

ম্যাচের পর সাক্ষী বলেন, “ওর পরিকল্পনা ছিল কাছ থেকে লড়াই করা এবং বারবার ক্লিঞ্চ করা। আমার পরিকল্পনা ছিল দূরত্ব বজায় রেখে বক্সিং করা, সেটাই আমার শক্তি।”

বিজ্ঞাপন

ক্যাটলিন ফ্রায়ার্স আক্রমণাত্মক কৌশলে সাক্ষীকে চাপে ফেলার চেষ্টা করলেও ভারতীয় বক্সার শান্ত থেকে পরিষ্কার ও কার্যকর পাঞ্চের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন।

(বাঁ দিক থেকে) সচিন সিওয়াচ, জ্যাসমিন ল্যাম্বোরিয়া ও অঙ্কুশ যাদব।

কঠিন লড়াইয়ে জয় অরুন্ধতীর

মহিলাদের ৭০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে অরুন্ধতী চৌধুরীর সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন নিউজিল্যান্ডের মরগান হেন্ডারসন। শুরু থেকে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অরুন্ধতী ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন।

সচিনের একতরফা আধিপত্য

প্রাক্তন বিশ্ব যুব চ্যাম্পিয়ন সচিন সিওয়াচ পুরুষদের ৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে বতসোয়ানার ট্রেজার মোরেমির বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেন।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা ভারতীয় বক্সার গোটা লড়াই জুড়েই আধিপত্য বজায় রাখেন। পাঁচ বিচারকেরই স্কোরকার্ডে এগিয়ে থেকে তিনি ৫-০ ব্যবধানে সর্বসম্মত সিদ্ধান্তে জয় তুলে নেন এবং সেমিফাইনালে পৌঁছে যান।

অঙ্কুশের দাপট

পুরুষদের ৮০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতের জয়ের ধারা বজায় রাখেন অঙ্কুশ যাদব। গত বছরের ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসের রুপোজয়ী অঙ্কুশ সেশেলসের জেড মাইকককে ৫-০ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেন।

দ্রুত গতি, চমৎকার ফুটওয়ার্ক এবং নিখুঁত কম্বিনেশনের সাহায্যে পুরো ম্যাচে প্রতিপক্ষের উপর নিয়ন্ত্রণ বজায় রাখেন অঙ্কুশ।

রুদ্ধশ্বাস লড়াইয়ে নরেন্দরের জয়

দিনের শেষ ম্যাচে পুরুষদের ৯০ কেজির বেশি ওজন বিভাগের কোয়ার্টার ফাইনালে সামোয়ার মাইকেল সেকোর বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে নামেন নরেন্দর বেরওয়াল।

ম্যাচ চলাকালীন একাধিকবার রেফারিকে হস্তক্ষেপ করতে হয়। নরেন্দরের বিরুদ্ধে দু’বার পয়েন্ট কাটা হলেও তিনি অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দেন। তিনি প্রতিপক্ষকে দু’বার স্ট্যান্ডিং কাউন্টে পাঠান, যার একটি ছিল নির্ণায়ক শেষ রাউন্ডে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে বিভক্ত সিদ্ধান্তে জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছে যান নরেন্দর।

বিচারকদের বিভক্ত রায়ে জ্যাসমিন সেমিফাইনালে

জ্যাসমিন ল্যাম্বোরিয়া সেমিফাইনালে উঠেছেন। ৫৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে তিনি ইংল্যান্ডের গ্লিনকে বিচারকদের বিভক্ত রায়ে হারিয়ে ভারতের জন্য আরও একটি পদক নিশ্চিত করেছেন।

এই জয়ের মাধ্যমে ভারতের ছয়ে ভয় সাফল্য সম্পূর্ণ হয় এবং গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সিং দল নতুন ইতিহাস গড়ে। সেমিফাইনালে মোট ১০ জন ভারতীয় বক্সারের জায়গা নিশ্চিত হওয়ায় দেশ ইতিমধ্যেই অন্তত ১০টি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে। আগামী লড়াইয়ে তাঁদের সামনে থাকবে ফাইনালে ওঠার এবং সোনা বা রুপোর পদক জয়ের সুযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *