নয়াদিল্লি: বেসরকারি সংস্থার কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। খুব শীঘ্রই চালু হতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর নতুন ডিজিটাল পোর্টাল। এই পোর্টাল চালু হলে প্রভিডেন্ট ফান্ড (PF) সংক্রান্ত প্রায় সমস্ত পরিষেবাই ঘরে বসে অনলাইনে পাওয়া যাবে। ব্যালেন্স দেখা, ক্লেম করা, টাকা তোলা-সহ বিভিন্ন কাজ এক জায়গা থেকেই সম্পন্ন করতে পারবেন গ্রাহকেরা।
চলতি বছরের জুন মাসের শেষদিকে সিস্টেম আপগ্রেড এবং রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে EPFO-র ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। এর ফলে বহু সদস্য তাঁদের PF অ্যাকাউন্টে লগ ইন করতে না পেরে সমস্যায় পড়েন। নতুন পোর্টাল চালুর মাধ্যমে সেই সমস্যারই স্থায়ী সমাধান করতে চাইছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।
– বিজ্ঞাপন –
সূত্রের খবর, রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নতুন পোর্টাল চালু হতে পারে। সদস্যদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) ব্যবহার করে লগ ইন করতে হবে। এরপর একই প্ল্যাটফর্মে PF ব্যালেন্স দেখা, ক্লেম জমা দেওয়া, টাকা তোলা এবং অন্যান্য পরিষেবা পাওয়া যাবে।
শ্রম মন্ত্রকের দাবি, এতদিন বিভিন্ন পরিষেবার জন্য সদস্যদের একাধিক পোর্টাল ব্যবহার করতে হত। নতুন ব্যবস্থায় সব পরিষেবাকে একত্রিত করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন আঞ্চলিক EPFO অফিসের পরিষেবাও একই প্ল্যাটফর্মে সংযুক্ত করা হচ্ছে, ফলে পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছ হবে।
EPFO জানিয়েছে, নতুন পোর্টালের চূড়ান্ত পরীক্ষার কাজ চলছে। তা শেষ হলেই সাধারণ সদস্যদের জন্য এটি খুলে দেওয়া হবে। বর্তমানে EPFO-র সদস্যসংখ্যা ৩৪ কোটিরও বেশি। নতুন পোর্টালে সদস্যরা ২০২৫-২৬ অর্থবর্ষের সুদ-সহ তাঁদের PF অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন।
এছাড়া আগামী বছর থেকে স্বয়ংক্রিয়ভাবে PF অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়ার পরিকল্পনাও নিয়েছে EPFO। বর্তমানে প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপর বার্ষিক ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
