নিজস্ব প্রতিনিধি, খবর অনলাইন: বাঙালি রুজির টানে যেখানেই বসতি জমিয়েছে, সেখানেই পাড়ি দিয়েছে বাংলার সংস্কৃতি। উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মুখ্য বার্ষিক উদযাপন বিশ্ববঙ্গ সম্মেলনকে কেন্দ্র করে জুলাইয়ের প্রথম সপ্তাহান্তে সপরিবার জড়ো হওয়া, বাঙালি খাওয়াদাওয়া, ধুতি, পাঞ্জাবি, শাড়ি, আড্ডা, গান বাজনা, নাটক – প্রবাসে এক টুকরো বাংলার স্বাদ পাওয়ার চেষ্টা।
এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপ ও নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স ২০২৬ (এনএবিসি, NABC 2026) নিয়ে মেতে আছে আমেরিকা। বহু বছর ধরেই কলকাতা ও ভারতের বিশিষ্ট শিল্পীরা এই অনুষ্ঠানে যোগ দিতে যান। তবে অন্যবারের তুলনায় এ বছর বাংলা থেকে অনেক বেশি শিল্পী নিউ ইয়র্ক ওয়েস্টচেস্টার কাউন্টি সেন্টারে অনুষ্ঠান করতে যাচ্ছেন। আমজাদ আলি খান, তরুণ ভট্টাচার্য, কৌশিকী চক্রবর্তী, শান্তনু মৈত্র, বিক্রম বোস, তন্ময় বসু, বিশাল-শেখর এবং রিয়েলিটি শো থেকে উঠে আসা শুভদীপ, মানসী প্রমুখ নতুন শিল্পীরা।
– বিজ্ঞাপন –

বাংলার মাটির গানের ভান্ডার নিয়ে জি-বাংলা সারেগামাপা-র লোকসঙ্গীতের গ্রুমার-মেন্টর, ফোকগুরু দেব চৌধুরী, এই নিয়ে তিনবার গেলেন বিশ্ববঙ্গ সম্মেলনে। ২০২৩ আটলান্টা সিটিতে সেই বহু বির্তকিত এনএবিসি-তেও দেব উপস্থিত ছিলেন। গত বছর টরন্টোতে বিশ্ববঙ্গ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বিষয় ছিল বাংলার লোকসঙ্গীত। দেব চৌধুরীর ভাবনা ও পরিচালনায় কানাডার প্রবাসী বাঙালিরা দারুণ মনোজ্ঞ অনুষ্ঠান উপস্থাপন করেছিলেন। সহযোগী শিল্পীরা ছিলেন তাঁরই ছাত্র জি বাংলার অর্কদীপ, অনন্যা এবং নৃত্য পরিচালনায় ছিলেন কোহিনূর সেন বরাট।
বাংলার দরবেশি গানের ধারার শেষ শিল্পী শ্রী কালাচাঁদ দরবেশের শিষ্য দেব চৌধুরী শুধু একজন লোকগায়ক নন, তিনি গত ২৫ বছর ধরে লোকসঙ্গীত নিয়ে গবেষণা করছেন। গত আট বছর ধরে বাংলার জনপ্রিয়তম রিয়েলিটি শো জি বাংলা সারেগামাপা-র মেন্টর ও গ্রুমার তিনি। তাঁর শিক্ষকতাতেই পর পর দু’বছর লোকসঙ্গীত থেকে চ্যাম্পিয়ন হয় অর্কদীপ ও পদ্মপলাশ। প্রসঙ্গত উল্লেখ্য, কীর্তনীয়া পদ্মপলাশ হালদারকে গ্রামীণ কীর্তনের আসর থেকে বাংলা টেলিভিশনের মুলস্রোতে এই দেব চৌধুরীই তুলে এনেছিলেন। লোকসঙ্গীতের প্রচার ও প্রসারে তাঁর ‘সহজিয়া ফাউন্ডেশন’ ২০০৯ থেকে বাংলার প্রান্তিক লোকশিল্পীদের জন্য নীরবে কাজ করে চলেছে। দেব কলকাতায় তৈরি করেছেন ‘সহজ সুরের পাঠশালা’, যেখানে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন বাংলার শিকড়ের রঙ-রূপ-রস-গন্ধমাখা লোকসঙ্গীতের বিভিন্ন ধারা।
প্রচারের আলো থেকে একটু দূরে থেকেও দেব নিয়মিত আমেরিকা, কানাডা, ইওরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াত করেন। কখনও গান গাইতে বা বিদেশের ইউনিভার্সিটিগুলোয় ওয়ার্কশপ করাতে। সম্প্রতি ‘পারফরমার্স অফ বেঙ্গল’-এর ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছেন তিনি। আপাতত আমেরিকার মানুষ যেমন দেবের অনুষ্ঠানের অপেক্ষায় আছে, তেমনিই দিন গুনছেন আকাশ আটের লাইভ অনুষ্ঠান ‘গুড মর্ণিং আকাশ’-এর অগণিত দর্শক, যাঁরা টিভিতে তাঁর উজ্জ্বল উপস্থিতিকে কিছু দিনের জন্য মিস করবেন। আমরাও তাঁর বর্ণময় অভিজ্ঞতা শোনার অপেক্ষায় রইলাম।
