জরুরি রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন এবং লাইনের দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণের কাজের কারণে আজ শনিবার (২৭ জুন) চট্টগ্রাম ও নাটোরের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
চট্টগ্রামের চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা চন্দনাইশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় মুনসেফ বাজার, বাদশা পাড়া, কেরানী বাড়ি, বৃষ্টি পুকুরপাড়, চৌধুরী মার্কেট, দেয়াং পাড়ার আংশিক এলাকা, পেশকার বাড়ি, নিধিরামপুর, মিজ্জির দোকান, ছগিরের দোকান, বদুরপাড়ার আংশিক অংশ, জিয়া খাল, দুল্লভ পাড়া, কাজিপাড়া, চন্দনাইশ পৌরসভা, চন্দনাইশ থানা, চন্দনাইশ মেডিকেল কমপ্লেক্স, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস, নোয়াপাড়া এবং গাছবাড়িয়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।
অন্যদিকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি–২ জানিয়েছে, ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার কয়েকটি এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ সময় বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম–১ (বনপাড়া) উপকেন্দ্র এবং বড়াইগ্রাম–৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, গোপালপুর, চান্দাই, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা এবং নগর ইউনিয়নের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।


