শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
কলকাতা: অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই নিয়ে আইন আনছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভা অধিবেশন থেকে তেমন কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিন, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন। স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন যাঁদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাঁরা রেহাই কোনও ভাবেই পাবে না। অর্থাৎ দুর্নীতিতে যে কোনও আপস নয় তা নিয়ে মন্তব্য করেন তিনি।
আজ মুখ্যমন্ত্রী প্রথমে বলেন, “একটাও গুণ্ডা মাফিয়া জেলের বাইরে থাকবে না। স্বরাষ্ট্র দফতর আমার। অনেকে ভাবছেন দুমাস জেলে থাকবে, তারপর আইনি লড়াই করে বেরিয়ে আসবে। এই সেশনে বিল আসবে সম্পত্তিও বাজেয়াপ্ত করব।”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এরপর নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান। বেআইনি সম্পত্তির অভিযোগ তোলেন ফের একবার। কিন্তু কোনওটাই নাম করে বলেননি তিনি। মুখ্য়মন্ত্রীর বক্তব্য, “ওই আমতলা হরীশ চট্যার্জী রোডের ওই প্রসাদগুলিতে কলকাতার রাস্তায় ফ্লাইওভারের নিচে যাঁরা থাকে তাঁদের রাখবো।” এখানে উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একাংশ বেআইনি এই অভিযোগ তুলে আগেই নোটিস পাঠিয়েছে কলকাতা পুরনিগম। জবাবও চাওয়া হয়েছিল ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদের কাছে। সেই জবাবও দিয়েছেন তিনি। তবে, আজ এই নিয়ে ফের একবার বার্তা দিলেন শুভেন্দু।
