South Africa Women vs India Women: মহিলাদের টি-২০ বিশ্বকাপে (ICC Women’s T20 World Cup 2026) পাকিস্তান (Pakistan Women) ও নেদারল্যান্ডসের (Netherlands Women) বিরুদ্ধে সহজ জয় পেলেও, তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল ভারতীয় দল। এই হারের ফলে হরমনপ্রীত কউরদের (Harmanpreet Kaur) উপর চাপ তৈরি হল।
ছিটকে যাবে ভারত?
চলতি মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে থাকলেও, ছিটকে যাওয়ার আশঙ্কায় ভারতীয় দল।
ICC Women’s T20 World Cup 2026: মহিলাদের টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে (South Africa Women vs India Women) ছয় উইকেটে হেরে গেল ভারতীয় দল। রবিবার ম্যাঞ্চেস্টারের (Manchester) ওল্ড ট্র্যাফোর্ডে (Emirates Old Trafford) টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হারিয়ে ১৫৮ রান করে ভারতীয় দল। জবাবে ১৯.১ ওভারে চার উইকেট হারিয়ে ১৬১ রান তুলে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। এই হারের ফলে তিন ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে থাকল ভারত। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকাও তিন ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে ভারত। চতুর্থ স্থানে থাকা বাংলাদেশও (Bangladesh Women) তিন ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে। তিন ম্যাচ খেলে গ্রুপের শীর্ষে অস্ট্রেলিয়া (Australia Women)। পাকিস্তান (Pakistan Women) ও নেদারল্যান্ডসের বিদায় ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। ভারতের বাকি দুই ম্যাচ অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিরুদ্ধে। এই দুই ম্যাচের ফলের উপরেই ভারতীয় দলের পরবর্তী রাউন্ডে যাওয়া নির্ভর করছে।

দক্ষিণ আফ্রিকার নায়িকা মেরিজেন ক্যাপ
এদিন রান তাড়া করতে নেমে ২৫ রানে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই পরিস্থিতিতে ওপেনার তাজমিন ব্রিটসকে (Tazmin Brits) নিয়ে লড়াই শুরু করেন মেরিজেন ক্যাপ (Marizanne Kapp)। এই জুটিই ভারতীয় দলকে হারিয়ে দিল। এই জুটিতে যোগ হয় ৯৭ রান। ব্রিটস ৩৬ বলে ৪০ রান করেন। ক্যাপ ৪৫ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। তিনি সাতটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। অধিনায়ক লরা উলভার্ডট (Laura Wolvaardt) ওপেন করতে নেমে ২১ বলে ২০ রান করেন।
বিফলে শ্রী চরণীর লড়াই
ভারতীয় দলের বোলারদের মধ্যে লড়াই করেন শ্রী চরণী (Shree Charani)। তিনি চার ওভার বোলিং করে এক মেডেন-সহ ২৪ রান দিয়ে তিন উইকেট নেন। কিন্তু বাকিদের কাছ থেকে সেভাবে সাহায্য না পাওয়ায় ভারতীয় দলকে জেতাতে পারলেন না শ্রী চরণী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
