উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার জুন সেশনের সূচি ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আগামী ১৭ ও ১৮ জুলাই দেশজুড়ে কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জুন রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এনটিএ-র বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা হবে দু’টি শিফটে। সকালের শিফট চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেলের শিফট হবে দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ৩ ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে।
– বিজ্ঞাপন –
এই পরীক্ষার মাধ্যমে জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF), পিএইচডি কোর্সে ভর্তি এবং সহকারী অধ্যাপক পদে নিয়োগের যোগ্যতা নির্ধারণ করা হবে।
প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ জুন রাত ১১টা ৫০ মিনিট। আবেদনমূল্য জমা দেওয়া যাবে ২০ জুন রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত। এছাড়া ২২ ও ২৩ জুন আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ দেওয়া হবে।
আবেদনমূল্য
- জেনারেল (Unreserved) প্রার্থী: ₹১,১৫০
- EWS ও OBC প্রার্থী: ₹৬০০
- SC, ST, PwD এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী: ₹৩২৫
শিক্ষাগত যোগ্যতা
জেনারেল এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (EWS) প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যদিকে OBC, SC, ST, PwD এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর প্রয়োজন।
বিজ্ঞাপন
বয়সসীমা
জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF)-এর জন্য আবেদনকারীদের বয়স ১ জুলাই অনুযায়ী ৩০ বছরের মধ্যে হতে হবে।
তবে OBC, SC, ST, PwD, তৃতীয় লিঙ্গ এবং মহিলা প্রার্থীরা বয়সে ৫ বছরের ছাড় পাবেন।
সহকারী অধ্যাপক পদ এবং পিএইচডি কোর্সে ভর্তির জন্য কোনও সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
JRF-এ কত টাকা ভাতা?
নির্বাচিত জুনিয়র রিসার্চ ফেলোরা প্রথম দুই বছরের জন্য প্রতি মাসে ₹৩৭,০০০ ফেলোশিপ পাবেন। পাশাপাশি গবেষণার কাজে বছরে ₹২০,০০০ পর্যন্ত গ্রান্ট দেওয়া হবে।
পরবর্তীতে পিএইচডি রেজিস্ট্রেশনের পর ফেলোশিপের পরিমাণ বেড়ে মাসিক ₹৪২,০০০ পর্যন্ত হতে পারে।
গবেষণা এবং উচ্চশিক্ষায় আগ্রহী প্রার্থীদের জন্য ইউজিসি নেট অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
