Bardhaman Medical Collage: স্থানীয়দের তৎপরতায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করলো বর্ধমান থানার পুলিস। পাশাপাশি শিশু চুরির ঘটনায় দুই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম রিঙ্কি খাতুন ওরফে রুমকি খাতুন, বাড়ি বর্ধমানের বিজয়রামে। ধৃত অন্য মহিলার নাম মিনিরা বিবি। বাড়ি বর্ধমানের কেষ্টপুরে। সম্পর্কে এরা দু’জনে মা ও মেয়ে।
শিশু চুরির ঘটনা জি ২৪ ঘন্টায় সম্প্রচারের পরই এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় রিঙ্কি খাতুনের কোলে থাকা শিশুকে নিয়ে। প্রতিবেশী কয়েকজন বর্ধমানের খাগড়াগড়ের উত্তরপাড়ায় ভাড়াবাড়িতে থাকা রিঙ্কি খাতুনের বাড়িতে যান। রিঙ্কি ও তার মা মিনিরা বিবি সদ্যজাত বললেও তাদের সন্দেহ হয়। তখন তারা বর্ধমান থানায় খবর দেন। খবর পেয়েই বর্ধমান থানার পুলিশ খাগড়াগড়ের উত্তর পাড়ায় গিয়ে চুরি যাওয়াকে শিশুকে উদ্ধার করে।
মঙ্গলবার দুপুর ১টার সময় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ১৮ দিনের এক শিশুপুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালানোর অভিযোগ ওঠে এক অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে।
