বলিউডে হঠাৎই শুরু হয়েছে নতুন গুঞ্জন। একসঙ্গে একাধিক তারকাকে ইনস্টাগ্রামে আনফলো করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন নির্মাতা করণ জোহর।

তবে বিষয়টিকে ঘিরে তৈরি হওয়া জল্পনাকে ‘অতিরঞ্জিত’ বলেই মনে করছেন তিনি। করণের দাবি, এটি কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং নিজের জন্য নেওয়া একটি ‘ডিজিটাল ডিটক্স’ সিদ্ধান্ত।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ফলোয়িং তালিকা থেকে একে একে সরিয়ে দেন বলিউডের বহু ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীকে। সেই তালিকায় রয়েছেন করণের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান থেকে শুরু করে কারিনা কাপুর খান, মালাইকা অরোরা, মনীশ মালহোত্রা, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাট-এর মতো তারকারা।

এমনকি করণের প্রযোজনায় নির্মিত আসন্ন সিনেমা ‘নাগজিলা’র নায়ক কার্তিক আরিয়ান-কেও আর তার ফলো তালিকায় দেখা যায়নি।

বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলছেন সম্পর্কের টানাপোড়েন, আবার কেউ খুঁজছেন বলিউডের অন্দরমহলের নতুন সমীকরণ। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবস্থান পরিষ্কার করেন করণ জোহর।

তিনি লেখেন, “এটা একটা ডিজিটাল ডিটক্স। ইনস্টাগ্রামে সময় ও শক্তি কম ব্যয় করতেই সবাইকে আনফলো করছি। এটা জাতীয় খবর হওয়ার মতো কিছু নয়। দয়া করে অন্য কিছু নিয়ে ক্লিকবেইট বানান।”

বর্তমানে প্রায় ১ কোটি ৭০ লাখ অনুসারী থাকলেও করণ জোহর অনুসরণ করছেন মাত্র ৭৪টি অ্যাকাউন্ট। তবে এখনও তার ফলো তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতা এবং ব্যবসায়ী আদার পুনাওয়ালা।

উল্লেখ্য, সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় করণ জোহর প্রায়ই ব্যক্তিগত জীবন, বলিউড ইন্ডাস্ট্রি এবং সন্তান রুহি জোহর ও যশ জোহর-কে ঘিরে নানা মুহূর্ত শেয়ার করেন। সম্প্রতি তার প্রযোজিত ‘চাঁদ মেরা দিল’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন অনন্যা পান্ডে ও লক্ষ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *