ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে মালদ্বীপকে হেসেখেলে হারানো হয়নি বাংলাদেশের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে। বাংলাদেশ দল জিতলেও পারফরম্যান্স বিচারে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে রাখা যাচ্ছে না। অখুশিও নন কোচ পিটার জেমস বাটলার। ভারত ম্যাচের চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন তিনি।

মালদ্বীপের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে বাটলার বলেন, ‘কোন সন্দেহ নেই যে ভারত আমাদের উপর চেপে বসবে এবং আমার মনে হয় সেটা আমাদের জন্য ভালোই হবে। রাতটা ছিল মূলত (দল) গড়ে তোলা, প্রস্তুতি নেয়া এবং নির্দিষ্ট কিছু খেলোয়াড়দের মাঠে খেলার সুযোগ করে দেয়া।’

​’আমার মনে হয় ভারত ম্যাচ অত্যন্ত কঠিন হবে। এধরনের ম্যাচগুলোই খেলতে চাইব। এগুলোই এমন ম্যাচ যা মেয়েরা উপভোগ করবে এবং এর মাধ্যমে নিজেদের আরও উন্নত করবে।’

মালদ্বীপের সময়ক্ষেপণ নিয়ে বাটলার বলেছেন, ‘এই ম্যাচের মতো এমন ম্যাচে খেলতে চাইবেন না যেখানে প্রতিপক্ষ দল মাঠে শুয়ে পড়ছে, সময় নষ্ট করছে। বলতে চাচ্ছি, এটা খেলাধুলার জন্য ভালো কিছু নয়। সাউথ এশীয় ফুটবলের জন্যও এটা মোটেও ভালো নয়।’

​’শুধু এটাই বলছি যে, আমরা ভারতের বিপক্ষে চ্যালেঞ্জটির মুখোমুখি হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা যেন ভুলগুলো থেকে শিক্ষা নেই। তবে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলা চালিয়ে যেতে হবে। এটা হয়তো মাঝে মাঝে কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে এটি সবাইকে টানটান উত্তেজনায় রাখবে।’

পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ম্যাচে সাফের দ্রুততম গোল করেছেন আনিকা রানিয়া সিদ্দিকী, ১১ সেকেন্ডেই গোল। তারপর উমেলা মারমা, সুরভী আকন্দ প্রীতি ও শেষে কোহাতি কিসকু গোল পান। ৪-২ গোলের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *