যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে গড়াতে চলা ফিফা ফুটবল বিশ্বকাপের বাকি আর ১৯ দিন। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। তবে এখনও ঘোর অনিশ্চয়তা রয়েছে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে। মূলত বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে না পারায় এই অনিশ্চিয়তা তৈরি হয়েছে। অবশ্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আশার কথা শোনালেন। জানালেন, বিষয়টির সমাধান দ্রুতই হবে এবং বাংলাদেশের মানুষ বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পাবে।

বাংলাদেশে এবার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক পিটিই লিমিটেড’। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে তাদের কাছ থেকে স্বত্ব কিনে বাংলাদেশে খেলা সম্প্রচার করতে হবে। কিন্তু চড়া মূল্য চাওয়ায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বেসরকারি কোনো টেলিভিশন চ্যানেল অথবা ইন্টারনেটভিত্তিক মাধ্যম ওটিটি প্রতিষ্ঠানগুলোও সম্প্রচার স্বত্ব এখনো কিনতে পারেনি।

শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানালেন, সম্প্রচার স্বত্ব আনতে চেষ্টা করছেন তারা। বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথাবার্তা চলছে। এখনও চূড়ান্ত হয়নি, যতটুকু জানি। আমরা অপেক্ষা করছি, বাংলাদেশের মানুষ অবশ্যই টিভি বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে খেলা দেখবে।’

আমিনুল জানালেন বাংলাদেশি দর্শকদের বিশ্বকাপ আমেজ উপহার দিতে পরিকল্পনা রয়েছে তাদের, প্রতিটি জেলায় বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করবে ক্রীড়া মন্ত্রণালয়। বলেছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটি পরিকল্পনা রয়েছে আমাদের, আমরা প্রতিটি জেলায় বড় পর্দায় খেলা দেখানোর। তবে এখানে একটি বড় সমস্যা হয়ে গেছে যে সময়। তো সময়ের জন্য আমরা এখনো বিষয়টি নিয়ে চিন্তা করছি, এখনো চূড়ান্ত করি নাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *