স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, প্রয়োজন যতদিন থাকবে ততদিন হামের টিকাদান কর্মসূচি চালু থাকবে এবং একটি শিশুও বাকি থাকলে তা বন্ধ করা হবে না।

শনিবার (২৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটা বাচ্চা বাকি থাকতেও টিকাদান কর্মসূচি থামানো হবে না, চলবে। যথেষ্ট টিকা মজুদ আছে।

মন্ত্রী আরও জানান, হামে আক্রান্ত এলাকাগুলোতে চিকিৎসাসেবা জোরদারে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে।

এদিকে, হামের পরিস্থিতি মোকাবিলায় সহায়তা হিসেবে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন (আইএফআরসি) ১১টি ভেন্টিলেটর, ২৭টি নেবুলাইজার, ২৭টি অক্সিজেন ফ্লো মিটার এবং এক লাখ নরমাল স্যালাইন দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন আইএফআরসির বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান আলবার্তো বোকানেগ্রা।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিকা না দেওয়ার কারণেই শিশুদের মৃত্যু হচ্ছে। যারা শিশুদের টিকা দেয়নি, তারা এ জন্য দায়ী বলেও মন্তব্য করেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও জানান, এখন পর্যন্ত দেশে ১ কোটি ৮৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *