বকেয়া ডিএ নিয়ে ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি শ্রী চন্দ্রশেখরের ডিভিশন বেঞ্চে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মামলার শুনানি হয়। সেখানেই ফেব্রুয়ারিতে নির্দেশ দেওয়ার পরেও কেন এখনও সমস্ত কর্মীর বকেয়া মেটানো যায়নি, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। বিশেষ করে গ্রান্ট-ইন-এইড বা অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের পাওনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতিরা। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৯ জানুয়ারি।

শুনানিতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন, অনুদানপ্রাপ্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এখনও বকেয়া ডিএ পাননি। অন্যদিকে আইনজীবী ফিরদৌস শামিম আদালতে জানান, রাজ্যের তরফে প্রায় ৪১-৪২ হাজার কোটি টাকার বকেয়া হিসাব দেওয়া হলেও এখনও পর্যন্ত মেটানো হয়েছে মাত্র প্রায় ৮ হাজার কোটি টাকা। ফলে বিপুল অঙ্কের টাকা এখনও বকেয়া রয়েছে বলে দাবি করেন তিনি।

– বিজ্ঞাপন –

আদালতে আরও জানানো হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির সামনে আগামী ১৪ ডিসেম্বর আবেদনকারীদের প্রতিনিধিদের উপস্থিত থাকতে হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ওই দিন কলকাতায় কমিটির বৈঠকে গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া সংক্রান্ত বিষয়গুলি তুলে ধরা হবে। সেই বৈঠকের পরবর্তী অগ্রগতি ও কমিটির রিপোর্টের ভিত্তিতেই মামলার পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।

কী এই ডিএ মামলা?

২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আইনি লড়াই চলছে। প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট), পরে কলকাতা হাই কোর্ট হয়ে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি শীর্ষ আদালত জানায়, ২০০৯ সালের রোপা বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের আইনত প্রাপ্য। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (এআইসিপিআই) অনুসারে ডিএ নির্ধারণের নির্দেশও দেয় আদালত।

বকেয়া নির্ধারণ এবং তা মেটানোর প্রক্রিয়া তদারকির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে কমিটি গঠন করা হয়। আদালতের নির্দেশের পর রাজ্য সরকার বকেয়া ডিএ-র একাংশ মিটিয়েছে। তবে কত টাকা বকেয়া রয়েছে এবং কীভাবে বাকি অর্থ দেওয়া হবে, তা নিয়ে এখনও প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

বিশেষ করে অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মীদের বকেয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মঙ্গলবারের শুনানিতে সেই বিষয়টিই গুরুত্ব পেয়েছে। আপাতত নজর ১৪ ডিসেম্বরের কমিটির বৈঠকের দিকে। তার পর ২৯ জানুয়ারি ফের সুপ্রিম কোর্টে উঠবে ডিএ মামলা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *