ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ বছরের শিরোপাখরা কাটানোর সমীকরণ আর্সেনালের জন্য সহজ হয়ে গেল। মৌসুমের বাকি তিন ম্যাচ জিতলেই চলবে। তাদের হিসাব সহজ করে দিয়েছে এভারটন, শিরোপার আরেক দাবিদার ম্যানচেস্টার সিটিকে জয়বঞ্চিত করে।
এভারটনের মাঠ হিল ডিকিনসনে সোমবার রাতের ৩-৩ গোলে ড্র করেছে সিটি। ড্রয়ে উৎসবের রঙ ছড়িয়েছে লন্ডনের আরেক শহর আর্সেনালে। সিটি পয়েন্ট হারানোয় মিকেল আর্তেতার আর্সেনাল এখন শিরোপা খরা কাটানোর সুবাস পাচ্ছে।
আর্সেনালের সঙ্গে ম্যানসিটির ব্যবধান এখন ৫ পয়েন্টের। ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট গানারদের। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে পেপ গার্দিওলার ম্যানসিটি। বাকি তিন ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হবে আর্সেনাল।
প্রিমিয়ার লিগে আর্সেনালের পরের ম্যাচ আগামী রোববার, ওয়েস্ট হ্যামের বিপক্ষে। তার আগে চ্যাম্পিয়ন্স লিগে ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে গানাররা। সেই ম্যাচের আগে দলটি দারুণভাবে উজ্জীবিত।
আর্সেনালের সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গায়কোরেস বলেছেন, ‘আসন্ন প্রতিটি ম্যাচ নিয়ে আমরা সবাই খুব রোমাঞ্চিত, মাঠে সেই শক্তি প্রদর্শন করার জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়া এখন মূল বিষয়। আমরা একটি নির্দিষ্ট কারণে এই অবস্থানে আছি। আমরা পুরো মৌসুমজুড়ে খুব ভালো খেলেছি, কিন্তু এখন সামনে যে ম্যাচগুলো আসছে, সেগুলোতে ভালো করতে হবে।যাতে লক্ষ্যে পৌঁছাতে পারি। এপর্যন্ত আমরা যা করেছি তা অবিশ্বাস্য, কিন্তু এখন আমাদের যা করে দেখাতে হবে, সুযোগ কাজে লাগাতে হবে।’


