শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল চার রান। সেই বলেই বাউন্ডারি মেরে ভারতকে চ্যাম্পিয়ন করলেন মোহিত উলভার। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে এক উইকেটে হারিয়ে নবমবারের জন্য শিরোপা জিতল ভারত। এক সময় কার্যত হারের মুখে দাঁড়িয়ে থাকা ভারতীয় দলকে অবিশ্বাস্য জয় এনে দিলেন মানাল চৌহান, মোহিত ও চিগুরুপতি বেঙ্কট।

গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। ফাইনালে সেই হারের জবাব দিল তারা। ওমানের আল-আমিরাতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩৩৭/৯ রান তোলে। জবাবে এক উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

– বিজ্ঞাপন –

ভারতের জয়ের পথ যে এতটা কঠিন হবে, তা একটা সময় ভাবা যায়নি। বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল ভারত। আর্যবীর ৬১ বলে ৫৮ রান করেন। লক্ষ্য রায়চন্দানিও ব্যাট হাতে লড়াই চালিয়ে যান। তাঁর সংগ্রহ ৮০ রান। ভিকে বিনীতের সঙ্গে লক্ষ্য দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১৪৬ রানের মাথায় বিনীতের উইকেট পড়তেই ভারতীয় ইনিংসে ধস নামে।

একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। অর্জুন রাজপুত ১৬, যশবর্ধন ৯, অন্বয় ১৯ এবং আরিয়ান সাবসানি ৯ রান করে ফিরে যান। ভারতের অষ্টম উইকেট পড়ার পর স্কোর দাঁড়ায় ২৫২। জয়ের জন্য তখনও প্রয়োজন ৮৬ রান। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পাকিস্তানের হাতে চলে গিয়েছে বলেই মনে হচ্ছিল।

সেই কঠিন পরিস্থিতিতে হাল ধরেন মানাল ও মোহিত। পাল্টা আক্রমণই ছিল তাঁদের কৌশল। পাকিস্তানের বোলারদের উপর চাপ তৈরি করে দ্রুত রান তুলতে থাকেন দুই ব্যাটার। ভারতের আস্কিং রেট এক সময় ১০-এর উপরে চলে গেলেও তাঁদের ব্যাটিংয়ে ফের ম্যাচে ফেরে ভারত।

৩২ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংস খেলে মানাল ফিরে গেলেও লড়াই থামেনি। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছয়। তখনও জয়ের জন্য ৩০ রান দরকার ছিল ভারতের। শেষ ব্যাটার চিগুরুপতি বেঙ্কটকে সঙ্গে নিয়ে সেই রান তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মোহিত।

বিজ্ঞাপন

মোহিতের ব্যাট থেকে আসে পাঁচটি চার ও তিনটি ছয়। ২৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি। বেঙ্কটও অপরাজিত থাকেন ১১ রানে। শেষ বলে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন মোহিত। বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখলেন বেঙ্কট।

এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফ। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে পাকিস্তান। ওপেনিং জুটিতে উসমান খান ও হায়াম খান ৮.১ ওভারে ৬২ রান যোগ করেন। হায়াম ২১ রান করে ফিরলে উসমানের সঙ্গে জুটি বাঁধেন আব্দুল কাদির।

উসমান ১০৬ বলে শতরান করেন। অন্যদিকে, কাদির মাত্র ৫৪ বলে ৮০ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও আটটি ছয়। দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে ১৩৫ রানের জুটি গড়েন। পরে অর্জুন রাজপুতের বলে ভিকে বিনীতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কাদির। উসমানও কাব্য পটেলের বলে রাজপুতের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

৩৬ ওভারে পাকিস্তানের রান ছিল ২৪০। সেখান থেকে শেষ দিকে রান বাড়ান অধিনায়ক ফারহান। ৬০ বলে ৬৩ রান করেন তিনি। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস থামে ৩৩৭/৯-এ। ভারতের হয়ে কাব্য পটেল ৬৮ রানে চার উইকেট নেন। চিগুরুপতি বেঙ্কট ৪০ রানে তিনটি এবং অর্জুন রাজপুত একটি উইকেট পান।

ম্যাচের শেষ বলে চার আসতেই উল্লাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। মাঠে ছুটে আসেন ক্রিকেটার ও কোচেরা। জাতীয় পতাকা নিয়ে শুরু হয় উদ্‌যাপন। গ্রুপ পর্বের হারের পর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে আরও একবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নিজেদের দখলে রাখল ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *