খবর অনলাইন ডেস্ক: পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁর শারীরিক অবস্থার অবনতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে তিনি আর ‘জীবিত অবস্থায় ফিরতে নাও পারেন’। নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবিরও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতের বিচারপতিদের চিঠি লিখেছেন তিনি।

সোমবার প্রকাশ্যে আসা ওই খোলা চিঠিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত এবং ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতিদের কাছে আগের আদালতের নির্দেশ কার্যকর করার আবেদন জানিয়েছেন ইমরান। তাঁর চিকিৎসা এবং জেলের পরিবেশ সংক্রান্ত নির্দেশগুলি মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

– বিজ্ঞাপন –

গত ১১ নভেম্বর আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করেছিলেন তাঁর আইনজীবী সলমন সফদর। তাঁর মাধ্যমেই বিচারপতিদের কাছে এই আবেদন পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ইমরান। পরে সমাজমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন সলমন।

চিঠিতে ইমরান লিখেছেন, “৭৪ বছর বয়সে এই নিরন্তর পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত অবস্থায় ফিরতে পারব না।”

২০২৩ সাল থেকে জেলবন্দি ইমরান

২০২৩ সাল থেকে জেলে রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান। তাঁর বিরুদ্ধে ১০০টিরও বেশি মামলা রয়েছে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে একাকী বন্দি করে রাখা এবং চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণে তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে।

ইমরানের দাবি, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাঁকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা একাকী থাকতে হচ্ছে তাঁকে। পরিবারের সদস্য, আইনজীবী, বই, টেলিভিশন, এমনকি বিদেশে থাকা দুই ছেলে কাসিম ও সুলেমানের সঙ্গে ফোনে কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

তাঁর অভিযোগ, চলতি বছরে মাত্র চার বার আইনজীবীদের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন তিনি। স্ত্রী বুশরা বিবিও তাঁর আইনজীবীর সঙ্গে মাত্র এক বার দেখা করার সুযোগ পেয়েছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতি সপ্তাহে স্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। দুই ছেলের সঙ্গেও কথা বলতে দেওয়া হচ্ছে না তাঁকে।

ইমরান জানিয়েছেন, জেলের চিকিৎসকদের একটি বোর্ড তাঁর উদ্বেগ ও মানসিক চাপের বিষয়টি নথিভুক্ত করে পরিবারের সঙ্গে আরও বেশি যোগাযোগের সুযোগ, বই এবং টেলিভিশন ব্যবহারের সুপারিশ করেছিল। কিন্তু সেই সুপারিশও কার্যকর করা হয়নি বলে অভিযোগ তাঁর।

স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন ইমরান

স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তাঁর দাবি, গত এপ্রিল মাসে রেটিনায় সমস্যা দেখা দেওয়ার পর অস্ত্রোপচার হয়েছিল বুশরার। কিন্তু তার পরেও তাঁর দৃষ্টিশক্তির অবনতি হয়েছে। তাঁকে একাকী বন্দি করে রাখা হয়েছে এবং চিকিৎসক ও চিকিৎসা সংক্রান্ত নথিপত্র দেখার সুযোগ থেকেও বঞ্চিত করা হচ্ছে।

ইমরানের দাবি, ১১ নভেম্বর স্ত্রীর সঙ্গে দেখা করার সময় বুশরা আলো সহ্য করতে পারছিলেন না, এমনকি চোখও খুলতে পারছিলেন না। দ্রুত অস্ত্রোপচার না হলে তাঁর দৃষ্টিশক্তি স্থায়ী ভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ না কার্যকর করা অভিযোগ  

গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কথাও চিঠিতে উল্লেখ করেছেন ইমরান। তাঁর দাবি, ওই নির্দেশে দু’দিনের মধ্যে তাঁকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হয়েছিল। পাশাপাশি তাঁর শারীরিক পরীক্ষা করার জন্য চিকিৎসক বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করার নির্দেশও দিয়েছিল আদালত।

সপ্তাহে এক বার পরিবারের সঙ্গে দেখা এবং সপ্তাহে দু’বার দুই ছেলের সঙ্গে ফোনে কথা বলার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু কোনও নির্দেশই কার্যকর করা হয়নি বলে অভিযোগ ইমরানের। তাঁর আরও দাবি, ১০ নভেম্বর তাঁর রক্তচাপ বেড়ে ১৯২ ও ১৯৩-তে পৌঁছেছিল। চিকিৎসকেরা মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন।

চিকিৎসার দাবি তুলে আইনি লড়াই এড়ানোর চেষ্টা করছেন, এমন অভিযোগও খারিজ করেছেন ইমরান। তাঁর বক্তব্য, মামলাগুলিতে তিনি আইনি ভিত্তিতেই নিজের নির্দোষিতা প্রমাণের লড়াই চালিয়ে যাচ্ছেন।

চিঠিতে তিনি লিখেছেন, “আমি বিচারপতিদের কাছে কোনও বিশেষ সুবিধা চাইছি না। ন্যায়বিচার হিসেবে শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা এবং আমাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানাচ্ছি।”

দেশে হাসপাতাল প্রতিষ্ঠা এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার কথা উল্লেখ করে বিচারপতিদের কাছে মানবিকতার ভিত্তিতে আবেদন জানিয়েছেন ইমরান। তাঁর কথায়, “বেঁচে থাকলেই আমি নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।”

তবে ইমরান খানের চিঠিতে করা অভিযোগগুলি স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *