সপ্তাহের শেষ কাজের দিনেই দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। শুক্রবার, ১১ সেপ্টেম্বর এক দিনের সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। ৫ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালু-সহ একাধিক দাবিতে এই কর্মসূচি। ১০ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের কোনও সিদ্ধান্ত হয়নি।
ফলে শুক্রবারের পর সপ্তাহের নিয়মিত ছুটির দিন পড়ায় গ্রাহকদের শাখাভিত্তিক পরিষেবায় টানা কয়েক দিনের বিঘ্নের আশঙ্কা রয়েছে। বিশেষ করে নগদ জমা-তোলা, চেক সংক্রান্ত কাজ, ঋণ প্রক্রিয়া, KYC-সহ শাখায় গিয়ে করতে হয় এমন পরিষেবায় সমস্যা হতে পারে। ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকার সম্ভাবনা থাকলেও নির্দিষ্ট পরিষেবার ক্ষেত্রে ব্যাঙ্কভেদে পরিস্থিতি আলাদা হতে পারে।
– বিজ্ঞাপন –
কেন ধর্মঘট?
UFBU-র প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করা এবং Performance Linked Incentive বা PLI-এর সংশোধন। ২০২৪ সালের মার্চে স্বাক্ষরিত ১২তম দ্বিপাক্ষিক বন্দোবস্তে সোমবার থেকে শুক্রবার কাজের সময় প্রতিদিন ৪০ মিনিট বাড়িয়ে পাঁচ দিনের ব্যাঙ্কিং সপ্তাহ চালুর বিষয়ে সম্মতি হয়েছিল বলে ইউনিয়নগুলির দাবি। কিন্তু বিষয়টি এখনও সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ইউনিয়নগুলির অভিযোগ, PLI-এর বর্তমান কাঠামোও কর্মীদের একাংশের জন্য বৈষম্যমূলক। এই সমস্ত দাবি নিয়ে ৪ সেপ্টেম্বর Indian Banks’ Association (IBA)-এর সঙ্গে বৈঠক হলেও সমাধানসূত্র মেলেনি। পরবর্তী সরকারি মধ্যস্থতাতেও ধর্মঘট প্রত্যাহারের মতো কোনও নির্দিষ্ট আশ্বাস না মেলায় কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় UFBU।
সেপ্টেম্বরেই আরও তিন দিনের ধর্মঘট
১১ সেপ্টেম্বরের পরও সমস্যা মিটবে না বলে আগেই জানিয়েছে UFBU। দাবি পূরণ না হলে ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘটের কর্মসূচি রয়েছে। এরপরও সমাধান না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
অর্থাৎ, আপাতত ১১ সেপ্টেম্বরের ধর্মঘটই প্রথম ধাপ। আলোচনায় দ্রুত সমাধান না হলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আরও বড় ধাক্কা আসতে পারে ব্যাঙ্কিং পরিষেবায়।
