ঈদুল আজহায় মুক্তির পর থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’। কাজী আনোয়ার হোসেনের কালজয়ী স্পাই চরিত্রকে ঘিরে নির্মিত এই সিনেমা নিয়ে যখন সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে, ঠিক তখনই ভক্তদের জন্য ভিন্নধর্মী এক আয়োজনের ঘোষণা দিল সেবা প্রকাশনী।

কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ ও সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছেন ‘মাসুদ রানা সিনেমা রিভিউ প্রতিযোগিতা’র। যেখানে দর্শকদের রিভিউর ভিত্তিতে নির্বাচিত সেরা ১০ জন পাবেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেতা রাসেল রানার সঙ্গে আড্ডা ও ডিনারের বিশেষ সুযোগ।

ঘোষণায় জানানো হয়, দর্শকদের ‘মাসুদ রানা’ সিনেমা দেখে লিখিত কিংবা ভিডিও রিভিউ দিতে হবে সেবা প্রকাশনীর অফিসিয়াল গ্রুপে। যেসব রিভিউতে সবচেয়ে বেশি লাইক ও কমেন্ট পড়বে, সেখান থেকেই বাছাই করা হবে বিজয়ীদের।

রিভিউ জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে পাঠকদের কাছে দীর্ঘদিনের পরিচিত চরিত্র ‘মাসুদ রানা’কে নিয়ে নতুন প্রজন্মের দর্শকদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস। অনেকেই এটিকে বাংলা সিনেমার প্রচারণায় নতুন ধরনের ইন্টারঅ্যাকটিভ উদ্যোগ হিসেবে দেখছেন।

এর আগে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি দাবি করেন, এবারের ঈদের সেরা সিনেমা হতে যাচ্ছে ‘মাসুদ রানা’।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা গেছে পূজা চেরীকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *