অবশেষে প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর মোট পাশের হার ৮৬.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। গতবার পাশের হার ছিল ৮৬.৫৬ শতাংশ। পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করল পর্ষদ।
এ বছরের মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। শতাংশের হিসেবে তিনি পেয়েছেন ৯৯.৭১ শতাংশ নম্বর। দ্বিতীয় স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ৬৯৬। চলতি বছরে প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ১৩১ জন পরীক্ষার্থী।
জেলার নিরিখে পাশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৫.১০ শতাংশ। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর, পাশের হার ৯৪.৮২ শতাংশ। কলকাতাও ভালো ফল করেছে। শহরে পাশের হার ৯১ শতাংশের বেশি বলে জানিয়েছে পর্ষদ।
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ১ হাজার ৭২৪। ছাত্রের সংখ্যা ছিল ৪ লক্ষ ২৩ হাজার ১০৩। পর্ষদ সূত্রে খবর, বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৭ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে। শুক্রবার বিকেল থেকেই স্কুলগুলিতে মার্কশিট ও শংসাপত্র বিতরণ শুরু হবে।
মেধা তালিকা
প্রথম স্থান: অভিরূপ ভদ্র, সারদাবিদ্যামন্দির, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর
প্রাপ্ত নম্বর: ৬৯৮
দ্বিতীয় স্থান: প্রিয়তোষ মুখোপাধ্যায়, সরোজিনীদেবী শিশুমন্দির, বীরভূম
প্রাপ্ত নম্বর: ৬৯৬
তৃতীয় স্থান: সৌর জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ ২৪ পরগনা
অঙ্কনকুমার জানা, রামকৃষ্ণ শিক্ষামন্দির, পূর্ব মেদিনীপুর
প্রাপ্ত নম্বর: ৬৯৫
চতুর্থ স্থান: অরিজিৎ বর, ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবন, পূর্ব মেদিনীপুর
প্রাপ্ত নম্বর: ৬৯৪
পঞ্চম স্থান: দ্বৈপায়ন বিশ্বাস, বাদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমি নদিয়া
প্রাপ্ত নম্বর: ৬৯৩
ষষ্ঠ স্থান: আদৃত গোস্বামী, রহড়া রামকৃষ্ণ মিশন, উত্তর ২৪ পরগনা
প্রাপ্ত নম্বর: ৬৯২
সপ্তম স্থান: স্বর্ণাভ সর্দার, নবদ্বীপ বকুলতলা হাই স্কুল, নদিয়া
প্রাপ্ত নম্বর: ৬৯১
অষ্টম স্থান: প্রজ্ঞা সাহা, রঘুনাথগঞ্জ রানিভবানী বিদ্যানিকেতন, মুর্শিদাবাদ
প্রাপ্ত নম্বর: ৬৯০
নবম স্থান: শাহরিন সুলতান, মডেল হাইস্কুল, মুর্শিদাবাদ
প্রাপ্ত নম্বর: ৬৮৯
দশম স্থান: কস্তুরী সিংহ, লাধুরাম তোষ্ণিওয়াল বিদ্যামন্দির, মুর্শিদাবাদ
প্রাপ্ত নম্বর: ৬৮৮
