বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, তখন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। ভোট চলাকালীন কোনও ধরনের হুমকি, ভয় দেখানো বা আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা হলে এবার সরাসরি কমিশনকে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।
কমিশনের তরফে জানানো হয়েছে, এই উদ্দেশ্যে একটি বিশেষ টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে—১৮০০৩৪৫০০০৮। এই নম্বরে ফোন করে ভোটাররা তাঁদের এলাকায় ঘটে যাওয়া যে কোনও অশান্তি বা অনিয়মের অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি একটি পৃথক ইমেল আইডিও চালু করা হয়েছে—[email protected]—যেখানে লিখিত অভিযোগ পাঠানো যাবে।
এর আগে ১৯৫০ নম্বরের মাধ্যমে কমিশনের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকলেও, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুধুমাত্র এই রাজ্যের জন্য আলাদা হেল্পলাইন চালু করা হয়েছে। সোমবার থেকেই এই পরিষেবা কার্যকর হয়েছে বলে জানিয়েছে কমিশন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল জানিয়েছেন, নির্বাচনের আগে থেকেই আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ বাড়ছে। তাই দ্রুত পদক্ষেপ নিতে এই বিশেষ নম্বর ও ইমেল চালু করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, কোনও অভিযোগ পেলেই তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত রুটমার্চ চলছে। ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থা ফেরাতে কমিশনের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
