বিধানসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, ভোটের দু’দিন আগ পর্যন্ত ট্রাইবুনাল যদি কোনও বিবেচনাধীন ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়, তবে সেই ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই নির্দেশে বহু বাদ পড়া ভোটারের জন্য নতুন করে সুযোগ তৈরি হল।
রাজ্যে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রথম দফার ক্ষেত্রে ২১ এপ্রিল পর্যন্ত এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইবুনালের ছাড়পত্র পাওয়া গেলে ভোট দেওয়া যাবে। তবে যাঁদের আবেদন ট্রাইবুনাল খারিজ করবে, তাঁরা এই সুযোগ পাবেন না।
সাধারণ নিয়ম অনুযায়ী, প্রার্থীদের মনোনয়ন জমার শেষ দিনেই ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। আদালত স্পষ্ট করেছে, শুধু আবেদন করলেই হবে না—ট্রাইবুনালে আবেদন নিষ্পত্তি হয়ে অনুমোদন পেতে হবে।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম বিবেচনাধীন ছিল, যার মধ্যে প্রায় ২৭ লক্ষের নাম তালিকা থেকে বাদ পড়ে। আদালতের নির্দেশে তাঁরা এখন ট্রাইবুনালে আবেদন জানাতে পারছেন। এই আবেদন অনলাইনে ইসিআইনেট অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে করা যাচ্ছে, পাশাপাশি জেলা ও মহকুমা প্রশাসনের দফতরেও আবেদন জমা দেওয়া সম্ভব।
এই মামলার শুনানিতে ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইবুনাল আবেদনগুলির নিষ্পত্তি করছে। নির্বাচনের আগে এই নির্দেশ ভোটের চূড়ান্ত ফলাফলে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
