দ্বিতীয় দফার ভোটের দিনই রাজ্যজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে সপ্তাহ জুড়েই। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।
এই আবহাওয়ার প্রভাবে আগামী দু’দিন রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এরপর তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না বলে পূর্বাভাস। সমুদ্রেও ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের আগামী কয়েক দিন উপকূলবর্তী এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও পরিস্থিতি উদ্বেগজনক। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুক্রবারের পর ভারী বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সম্পূর্ণ স্বস্তি মিলবে না। ফলে ভোটের দিন রাজ্যজুড়ে আবহাওয়া বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
